সিজার তাবেলা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির নাগরিক সিজার তাবেলা (৫১) হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

আজিজুল ইসলাম নামের একজন সাক্ষী আজ সাক্ষ্য দিয়েছেন। এ সময় গ্রেপ্তার হওয়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজিজুল বলেছেন, ঘটনার দিন তিনি গুলশানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সরকারি বাসায় দায়িত্বরত ছিলেন। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে তিনি গুলির শব্দ শুনতে পান। পরে দেখেন, রাস্তা দিয়ে একজন বিদেশি নাগরিক দৌড়ে তাঁর দিকে এগিয়ে আসছেন। তাঁকে পার হয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় ইংরেজিতে কী যেন বলতে থাকেন তিনি। পরে পেছনে ফিরে তাকিয়ে দেখেন, গুলশানের ৯০ নম্বর সড়কের মাথায় তিনি প্রথম বসে পড়েন এবং পরে শুয়ে পড়েন। রাস্তা দিয়ে আসা লোকজন তখন সেখানে জড়ো হন। ওই ব্যক্তির কাঁধে একটি ব্যাগ ঝোলানো ছিল। আজিজুল এগিয়ে গিয়ে ওই ব্যাগটি হাতে নেন। এরপর তিনি ওই বিদেশি নাগরিকের পিঠে একটি ছিদ্র দেখতে পান। সেই ছিদ্র দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন তিনি বুঝতে পারেন, তিনি প্রথমে যে গুলির শব্দ শুনতে পেয়েছিলেন, সেই গুলি ওই ব্যক্তির শরীরে বিদ্ধ হয়েছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারেন, ওই ব্যক্তি ইতালির নাগরিক সিজার তাবেলা।

গত ২৫ অক্টোবর সিজার তাবেলা হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এ মামলায় সাত আসামির মধ্যে পাঁচজন কারাগারে আছেন। দুই আসামি পলাতক। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন।

সাত আসামির মধ্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত ইতিমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই চারজন ও মতিন কারাগারে রয়েছেন। কাইয়ুম ও ভাঙারি সোহেল পলাতক রয়েছেন। তবে সোহেলের পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশ পরিচয়ে গত অক্টোবরে সোহেলকে মধ্য বাড্ডা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর আর কোনো সন্ধান মেলেনি।

গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজারকে গুলি করে হত্যা করা হয়। এরপর ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটে দাবি করা হয়।

কিন্তু গোয়েন্দা পুলিশের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কাইয়ুমের পরিকল্পনা ও অর্থায়নে সিজার তাবেলাকে হত্যা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে ছিলেন মতিন। মতিন অন্যদের ভাড়া করেন।