সিজার তাবেলার মরদেহ আজ নেওয়া হচ্ছে ইতালিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার ১৬ দিন পর সিজার তাবেলার মরদেহ আজ বুধবার ঢাকা থেকে ইতালিতে নেওয়া হচ্ছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে আছে। গতকাল মঙ্গলবার ইতালীয় দূতাবাস মরদেহ নেওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন। সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও কো-অপারেশন প্রুফসের (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে জানান, আজ সকালে ইতালি দূতাবাসের কর্মকর্তারা মরদেহটি গ্রহণ করবেন। আজই মরদেহ ইতালিতে নিয়ে যাওয়া হবে।
সিজার গত ১৫ মে গুলশানে প্রুফসের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। দেশের সাতটি জেলায় প্রুফসের কার্যক্রম রয়েছে। তিনি রংপুর ও বরিশাল অঞ্চলের দায়িত্বে ছিলেন। এর আগে সিজার ইতালির অক্সফামে কর্মরত ছিলেন।
এদিকে ১৬ দিনেও সিজার তাবেলার হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি ডিবি। তদন্তের সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তদন্তকারীরা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে মোটরসাইকেল আরোহীসহ অন্তত ২০ ব্যক্তিকে চিহ্নিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে দফায় দফায় অভিযান চালানো হয়েছে। এরপর ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে এখন সন্দেহের তালিকায় তিন-চারজনকে রাখা হয়েছে।
জানতে চাইলে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কিছু সূত্র ধরে তাঁরা হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছেন। দু-এক দিনের মধ্যে ভালো খবর জানাতে পারবেন বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন: