সিজার তাবেলার মরদেহ ইতালি নেওয়া হয়েছে

ইতালির নাগরিক সিজার তাবেলার মরদেহ গতকাল বুধবার রাতে ইতালিতে নেওয়া হয়েছে। এর আগে গতকাল দুপুরে ইতালীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের কূটনৈতিকপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সিজার তাবেলা। ময়নাতদন্তের পর সিজারের মরদেহ এত দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুর ইসলাম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে আমিরাত এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তাঁর মরদেহ ইতালিতে নেওয়া হয়।
পুলিশ সূত্র বলেছে, সিজারের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন, পুলিশের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র ইতালির দূতাবাসের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতালীয় দূতাবাস গত মঙ্গলবার ইতালিতে লাশ নেওয়ার বিষয়ে পুলিশকে জানায়। গতকাল সকালে ইতালির দূতাবাসের কনস্যুলার অ্যাটাচি ড্যানিল পাওলো নোটারো ও জিওভানি চিয়ানি ঢাকা মেডিকেলে গিয়ে সিজারের মরদেহ গ্রহণ করেন।