সিজার ফি বাড়াতে স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশ!
গর্ভকালীন মায়েদের সিজার অপারেশনে ডাক্তারি ফি এক হাজার টাকা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ক্লিনিকমালিকদের নিয়ে গত সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৈঠক করে এ নির্দেশ দেন। এ নিয়ে ক্লিনিকমালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, চিকিৎসকদের জীবনযাত্রার মান বাড়াতে সিজারের ফি বাড়ানো হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক হাজার টাকা ফি বাড়ালে ক্লিনিকে ভর্তি হওয়া রোগীদের ওপর বাড়তি চাপ পড়বে। সেবা থেকে বঞ্চিত হবে গ্রামের গরিব রোগীরা।জানা গেছে, রায়পুর শহরে ছয়টি ক্লিনিক রয়েছে। প্রতিদিন এখানে প্রায় ২০ জন গুরুতর রোগীর সিজার অপারেশন করা হয়। এ জন্য চিকিৎসকদের তিন হাজার টাকা দেওয়া হয়। এখন তা এক হাজার বাড়িয়ে চার হাজার টাকা করায় ক্লিনিকমালিকদের ডেকে নির্দেশ দেয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ক্লিনিকমালিকরা উপস্থিত ছিলেন।রায়পুর মাতৃছায়া হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী জানান, চিকিৎসকেরা অযৌক্তিকভাবে সিজার ফি বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন। তিনি জানান, চিকিৎসকদের মূল উদ্দেশ্য রোগীকে সেবা দেওয়া। এ সেবার মাধ্যমেই তাঁদের জীবন-জীবিকার প্রশ্নটি নিশ্চিত করতে হবে সত্য, কিন্তু একে পুঁজি করে যদি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা ঠিক হবে না।যোগাযোগ করা হলে রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, ‘বাজারে জিনিসপত্রে দাম অনেক বেড়ে গেছে। এ জন্য চিকিৎসকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। তাই আমরা সিজার অপারেশসের ফি বাড়াতে বাধ্য হয়েছি।’