সিজার হত্যায় 'প্রণিধানযোগ্য' অগ্রগতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার তদন্তে ‘প্রণিধানযোগ্য’ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।
গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমপি কমিশনার তাঁর কার্যালয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সিজার হত্যার ঘটনা দেশি-বিদেশি ষড়যন্ত্র। হত্যার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
দুই বিদেশি নাগরিককে হত্যাসহ সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত বুধবার বলেছিলেন, ‘আমরা খুব কাছাকাছি চলে এসেছি। দ্রুতই অগ্রগতি জানাতে পারব। আরেকটু অপেক্ষা করেন।’ দোয়া চেয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডে যাঁরা সরাসরি অংশ নিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা তাঁদের দেখেছেন। সেই তিনজনকে ঘিরেই মূলত তদন্তকাজ চলছে। প্রাথমিক কাজ হলো, এই তিনজনকে গ্রেপ্তার করা। তাঁরা গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার হলে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার হলে তাঁদের পরিচয় জানা যাবে।
ডিবির ওই কর্মকর্তা বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হত্যায় অংশ নেওয়া তিন ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) কিংবা জঙ্গি নন। জঙ্গিরা ইতিপূর্বে ঢাকা ও ঢাকার বাইরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসব হত্যার সঙ্গে সিজারের হত্যার ধরনের মিল নেই। দক্ষ কর্মকর্তারা হত্যার তদন্ত করছেন। তাড়াতাড়ি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তাঁরা সফল হবেন বলে আশা করছেন।
ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ অস্পষ্ট হলেও গুলশান এলাকা দিয়ে বের হওয়ার ১৫৫টি ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। এর আগেই সিজার হত্যায় অংশ নেওয়া তিন মোটরসাইকেল আরোহীর চেহারার বর্ণনা পাওয়া গেছে। চেহারার বর্ণনা অনুযায়ী ছবি এঁকে ভিডিও ফুটেজের সঙ্গে চেহারা মিলিয়ে ও প্রত্যক্ষদর্শীদের দিয়ে খুনি শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, সিজারের বাসা ও অফিস থেকে জব্দ করা দুটি ল্যাপটপ, পেনড্রাইভ ও মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা ব্যক্তিগত শত্রুতা খুঁজে পাননি। এ ছাড়া পেশাগত শত্রুতার বিষয়টি এখন পর্যন্ত তদন্তে পাওয়া যায়নি।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।