সিজারে সন্তান প্রসবের হার বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার বাড়ছে। গত ২০১১ সালের তথ্য অনুযায়ী, সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের হার ছিল ১৫ শতাংশ। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। অর্থাৎ তিন বছরে এ হার ৮ শতাংশ বেড়েছে।
আজ বৃহস্পতিবার সরকারি দলের সাংসদ আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে তুলনামূলকভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার অনেক বেশি। সরকারি হাসপাতালে প্রসবসেবা বাড়ানোর মাধ্যমে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের হার কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রসূতিসেবা-বাণিজ্যের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এই সাংসদের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম সারির অধিক গুণগত মানসম্পন্ন ওষুধ উৎপাদনকারী ৩০টি প্রতিষ্ঠান দেশের চাহিদার ৯০ ভাগ পূরণ করে থাকে। বাকি ১০ শতাংশ ওষুধ অন্যান্য মাঝারি ও ছোট ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং আমদানির মাধ্যমে পূরণ হয়।
বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি, ডায়ালাইসিস ও নিউরো সার্জারি চিকিৎসা অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বিধায় উপজেলা পর্যায়ের হাসপাতালে ওই সুবিধা দেওয়া সম্ভব হয় না।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, দেশে বর্তমানে ওয়াক্ফ এস্টেটের আওতায় তালিকাভুক্ত জমির পরিমাণ ৪ লাখ ২৪ হাজার ৫৭১ একর। নতুন ওয়াক্ফ এস্টেট তালিকাভুক্তি ও উন্নয়নমূলক কাজে ভূমি হস্তান্তরের ফলে ভূমির পরিমাণ হ্রাস-বৃদ্ধি হয়। ওয়াক্ফ এস্টেটগুলোকে লাভজনক করার লক্ষ্যে ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩-এর আলোকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এসব উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ফলে অনেক ওয়াক্ফ এস্টেটের আয় বৃদ্ধি পেয়েছে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।