বিভিন্ন পর্যায়ের ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও সাতজনকে দেশের বিভিন্ন এলাকায় বদলির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সারা দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। সেগুনবাগিচায় অবস্থিত সিজিএ ভবনের নিচতলায় তাঁরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ কারণে গতকাল স্বাভাবিক কাজ হয়নি।
সিজিএ কার্যালয় সূত্র জানায়, গত বুধবার ওই কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত ও বদলি করা হয়, যাঁদের অধিকাংশ সিজিএ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের নেতা।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারী নেতাদের একজন এ কে এম শাহজালাল মিঞা (সাময়িক বরখাস্ত) বলেন, সাময়িক বরখাস্ত ও বদলির আদেশ গতকালের মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী রোববার থেকে নন-ক্যাডার পর্যায়ের কোনো কর্মকর্তা কাজে অংশ নেবেন না এবং সারা দেশের হিসাবরক্ষণ কার্যালয়েই কর্মবিরতি শুরু হবে।
সিজিএ কার্যালয়ের সূত্র জানায়, সরকারি কর্মকমিশন (পিএসসি) ও নির্বাচন কমিশনের বিল পাস না করায় এসব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও বদলি করা হয়। এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, পিএসসির ওসব বিলে প্রায় ৫৮ কোটি টাকার নিরীক্ষা আপত্তি থাকায় তাঁরা এসব অনিয়মিত বিলে সই করেননি। এ জন্য তাঁদের নিয়মবহির্ভূতভাবে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ জন্য পূর্বঘোষিত ১১ দফার পাশাপাশি সাময়িক বরখাস্ত ও বদলির আদেশ প্রত্যাহার এবং হিসাব মহানিয়ন্ত্রক মো. আবুল কাশেমের অপসারণ দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।