সিজিএ কার্যালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পর্যায়ের ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও সাতজনকে দেশের বিভিন্ন এলাকায় বদলির প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। সেগুনবাগিচায় অবস্থিত সিজিএ ভবনের নিচতলায় তাঁরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের নেতাদের একজন এ কে এম শাহজালাল মিয়া বলেন, সাময়িক বরখাস্ত ও বদলির আদেশ আজকের মধ্যে প্রত্যাহার করা না হলে রোববার থেকে নন-ক্যাডার পর্যায়ের কোনো কর্মকর্তা কাজে অংশ নেবেন না।
সিজিএ কার্যালয়ের সূত্র জানায়, সরকারি কর্মকমিশন (পিএসসি) ও নির্বাচন কমিশনের বিল পাস না করায় এসব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও বদলি করা হয়। তবে কর্মকর্তা কর্মচারীরা বলেছেন, পিএসসির ওসব বিলে নিরীক্ষা আপত্তি থাকায় তাঁরা এসব বিলে সই করেননি। মূলত তাঁদের নিয়মবহির্ভূতভাবে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটা করতে পারে না। এ জন্য পূর্বঘোষিত ১১ দফার পাশাপাশি সাময়িক বরখাস্ত ও বদলির আদেশ প্রত্যাহার এবং হিসাব মহানিয়ন্ত্রক মো. আবুল কাশেমের অপসারণ দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
সিজিএ কার্যালয় সূত্র জানায়, গতকাল ওই কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত ও বদলি করা হয়, যাঁদের অধিকাংশ সিজিএ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের নেতা।