সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসস্থল চট্টগ্রাম নগরের আগ্রাবাদের সিজিএস কলোনিতে শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে।
গতকাল শনিবার কলোনির বাসিন্দাদের ‘পক্ষ থেকে’ চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান তাহমিনা বেগম। এতে সিজিএস কলোনিতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের জন্য ‘সন্ত্রাসী’ সুমন ওরফে দাঁতলা সুমনকে দায়ী করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুমন সিজিএস কলোনিতে শুধু বাসা দখল নয়, আশপাশের জায়গা দখল করে অস্থায়ী ঘরবাড়ি নির্মাণ করেছেন, যা থেকে নিয়মিত আয় হচ্ছে। শুধু দখলদারি নয়, এলাকার পরিত্যক্ত দালান দখল করে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ সব
অপকর্ম চালিয়ে যাচ্ছে সুমনের বাহিনী।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কলোনির সবাই ঐক্যবদ্ধ হয়ে সুমনকে কলোনি থেকে বের করে দিয়েছিল। এরপর কলোনিতে শান্তি ফিরে আসে ও অপরাধমূলক কর্মকাণ্ড কমে যায়। সিটি নির্বাচনের পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেলের সহযোগিতায় সুমন আবার কলোনিতে প্রবেশ করে। সুমনের অত্যাচারে কলোনির অনেক ছেলে বাসাবাড়িতে থাকতে পারছে না।
অভিযোগ প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল বলেন, ‘চাঁদাবাজি নিয়ে সিজিএস কলোনিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি মেয়রকে বলেছি, কলোনির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিতে। অবৈধ স্থাপনা নিয়ে যত সমস্যা।’
সিজিএস কলোনি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ১ নভেম্বর আওয়ামী লীগ-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।