সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসা সুযোগ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ১৬ লাখেরও বেশি মানুষ সিজোফ্রেনিয়ায় (মানসিক রোগ) আক্রান্ত। এ ধরনের রোগীর সংখ্যা বেড়ে চললেও তা প্রতিকারে পর্যাপ্ত উদ্যোগ নেই। এ জন্য এ রোগের চিকিৎসা সুযোগ বাড়ানোর দাবি জানানো হয়েছে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং এ নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা এ দাবি জানান। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সিজোফ্রেনিয়ার সঙ্গে বসবাস’ শীর্ষক এ সভার আয়োজন করে ওয়েলফেয়ার সোসাইটি ফর মেন্টাল হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন (ডব্লিউএসএমআর) নামে একটি সংগঠন।
সভায় জানানো হয়, ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী জটিল মানসিক রোগীর সংখ্যা ছিল ১ দশমিক ১ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০১ সালের হিসাবেও ১ শতাংশ মানুষ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত।
বক্তারা এ সময় বলেন, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসাব্যবস্থা যথেষ্ট নয়, চিকিৎসকের সংখ্যা কম এবং সাধারণ মানুষের মধ্যে এই রোগ নিয়ে জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসচিব এম. নিয়াজউদ্দিন মিয়া সিজোফ্রেনিয়া রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা এবং এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক নোমান খান বলেন, ১৬ লাখ রোগীর সঙ্গে সমানসংখ্যক পরিবারও যুদ্ধ করছে। তিনি এ রোগের প্রতিকারে তথ্য ও জ্ঞানভিত্তিক একটি সমন্বিত ব্যবস্থা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের প্রতি আচরণ বদলানোর কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল আহমেদ খান বলেন, শুধু আক্রান্ত পরিবারের পক্ষে এ রোগের প্রতিকার সম্ভব নয়, প্রয়োজন সবার সহযোগিতা।
মূল প্রবন্ধে সোসাইটির সাধারণ সম্পাদক বদরুল মান্নান এ রোগ সম্বন্ধে সচেতনতা বাড়াতে পদক্ষেপ গ্রহণ, রোগী ও আক্রান্ত পরিবারের প্রতি সহমর্মী আচরণ, এ-সংক্রান্ত কার্যকর আইন প্রণয়ন ও আক্রান্তদের জন্য ডে কেয়ার সেন্টার ও কাজের ব্যবস্থা করার সুপারিশ করেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের আহ্বায়ক মনিরা রহমান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সাইদুল হক ও ডব্লিউএসএমআরের সভাপতি আবুল কালাম আজাদ।