বরিশাল সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের টানাহেঁচড়ায় পড়েছে বরিশাল শহরের গড়িয়ারপার থেকে আমতলা মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা রাস্তাটিতে যান চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।
সওজের দাবি, সংস্কারের উদ্যোগ সিটি করপোরেশনের নেওয়ার কথা। আর সিটি করপোরেশনের দাবি, সংস্কারের কথা থাকলেও কাজের পরিধি বেড়ে যাওয়ায় সংস্কার করা সম্ভব হয়নি।
সরেজমিনে দেখা গেছে, খানাখন্দের মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কের সবচেয়ে খারাপ অবস্থা নথুল্লাবাদ, কাশিপুর বাজার, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকা, সুরভী পাম্প, হাতেম আলী কলেজ চৌমাথা, থানা কাউন্সিল এলাকার।
সওজ কার্যালয় থেকে জানা যায়, বরিশাল-ঢাকা মহাসড়কের অংশ এই সড়কটি। কিন্তু বরিশাল শহরের মধ্য দিয়ে যাওয়ায় সিটি করপোরেশন চার লেন সড়কের সঙ্গে সেটিও সংস্কারের কথা বলে। সে জন্য ওই অংশটি সংস্কার না করতে সিটি করপোরেশন থেকে অনুরোধ জানানো হয়।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, নগরের চার লেন সড়ক নির্মাণে দুটি প্যাকেজের কাজ শুরু হয়েছে। এর মধ্যে নগরের শিক্ষা বোর্ড এলাকার সুরভী পাম্প থেকে হাতেম আলী কলেজ পর্যন্ত দুই কিলোমিটারের জন্য প্রায় ১৬ কোটি এবং হাতেম আলী কলেজ থেকে আমতলার মোড় পর্যন্ত দুই কিলোমিটারের জন্য প্রায় ১৩ কোটি টাকা ব্যয় ধরা হয়। ২০১২ সালের ডিসেম্বরে একটি এবং ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কাজটি শুরু করে সিটি করপোরেশন। কিন্তু কাজে বিলম্ব হওয়ায় সড়কের অবস্থা খারাপ হয়ে পড়ে। এ কারণে সড়ক বিভাগকে সড়কটি সংস্কার করার জন্য চিঠি দেওয়া হয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ বলেন, ‘আট কিলোমিটার সড়ক বরিশাল সিটি করপোরেশন করবে বলে আমাদের জানিয়েছিল। এখন তারা বলেছে, ওই সড়ক সংস্কার তাদের দায়িত্ব নয়। তাদের কারণে আমাদের সড়ক নষ্ট হয়ে গেছে।’
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, আপাতত নগরের চার কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। তবে সড়ক নির্মাণকাজে বিলম্ব হচ্ছে। এ কারণে সড়ক বিভাগকে চিঠি দিয়ে ওই সড়ক সংস্কারে উদ্যোগ নিতে বলা হয়েছে।