সিটি করপোরেশন নিজের 'নিষেধ' নিজেই ভাঙছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপুরা খালের ধারে ‘ময়লা ফেলা নিষেধ’ লেখাসংবলিত সাইনবোর্ড লাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ইনসেটে)। কি​ন্তু খোদ সিটি করপোরেশনের কনটেইনার থেকে উপচে পড়া ময়লায় খালের ধার পরিণত হয়েছে ভাগা​েড়। ছবিটি গতকাল সকালে রাজধানীর মেরাদিয়া হাট এলাকা থেকে তোলা l প্রথম আলো
রামপুরা খালের ধারে ‘ময়লা ফেলা নিষেধ’ লেখাসংবলিত সাইনবোর্ড লাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ইনসেটে)। কি​ন্তু খোদ সিটি করপোরেশনের কনটেইনার থেকে উপচে পড়া ময়লায় খালের ধার পরিণত হয়েছে ভাগা​েড়। ছবিটি গতকাল সকালে রাজধানীর মেরাদিয়া হাট এলাকা থেকে তোলা l প্রথম আলো

কালো রঙের সাইনবোর্ডে মোটা দাগে লেখা, ‘এখানে ময়লা ফেলা নিষেধ—আদেশক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’। তার ঠিক পাশে সিটি করপোরেশনেরই রাখা তিনটি ময়লার কনটেইনার। একটিতে কিছু কম, বাকি দুটি থেকে ময়লা উপচে ছড়িয়ে আছে চারদিক। দেখে মনে হবে, এটা বুঝি আবর্জনারই ভাগাড়।
রাজধানীর মেরাদিয়া হাটের কাছে খালপাড়ের দৃশ্য এটি। এলাকাবাসীর অনেকে অবাক হয়ে ভাবেন, ‘আপনি আচরি ধর্ম’—কথাটি সিটি করপোরেশনের লোকজন বোধ হয় জানেন না। খালপাড়ে বা জলাশয়ে কাঁচা পায়খানা থাকা নিষেধ। কনটেইনারগুলোর খানিকটা সামনে খালপাড়ে যথারীতি কাঁচা পায়খানাও শোভা পাচ্ছে। গতকাল শুক্রবার এমন দৃশ্য দেখা যায়।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান ক্যাপ্টেন রকিব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ময়লা ফেলা নিষেধ—এটা লেখা হয়েছে জনসচেতনতার জন্য। অন্য জায়গা না পেয়ে কনটেইনারগুলো খালপাড়েই রাখা হয়েছে। কনটেইনারেই ময়লা ফেলার কথা। তবে অনেক বাসিন্দা বাইরে ময়লা ফেলেন।
বনশ্রীর পেছনে নড়াই খালটিও এই খালটির খুব দূরে নয়। সেখানেও ফেলা হয়েছে বারোয়ারি বর্জ্য। আফতাব নগরের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ মোতাহার আলী বলেন, বর্জ্য পড়ে পড়ে খালের পানির রং হয়েছে আলকাতরার মতো। এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেসব সংস্থা দেখভাল করবে, তাদের লোকেরাই সমস্যা বাড়ান। সিটি করপোরেশনের লোকজন খালপাড়ে ময়লা ফেলেন। ঢাকা ওয়াসা যথারীতি নগরের অন্য খালগুলোর মতো এই খালও পরিষ্কার করে না।
কামরাঙ্গীরচরের চররসুলপুরে বুড়িগঙ্গার শাখা নদীটি খালের চেয়েও সরু, যেন নর্দমা। বেড়িবাঁধ থেকে চররসুলপুরে ঢোকার পথে কাঠের পাটাতনের সেতুর নিচে ও দুই পাশে অন্তত আধা কিলোমিটার ময়লা-আবর্জনায় পূর্ণ। পলিথিনসহ বিভিন্ন বর্জ্যে ভরাট হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হলেও বুড়িগঙ্গার পাড়েই ক্ষুদ্র কারখানায় পলিথিন উৎপাদন হচ্ছে। এটা কর্তৃপক্ষ দেখেও দেখে না।
বুড়িগঙ্গার এই শাখা নদীপাড়ে বেড়িবাঁধের ওপরে ব্যবহৃত পলিথিন ব্যাগ ধুয়ে শুকানো হচ্ছে অনেক দিন থেকে। বর্তমানে তা আরও বেড়েছে। এসব পলিথিন শুকিয়ে আবার চলে যাবে কাঁচাবাজার আর পাড়া-মহল্লার মুদি দোকানে।
চররসুলপুর এলাকাটি দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের অধীন। কাউন্সিলর মহাজন হোসেন প্রথম আলোকে বলেন, এই ওয়ার্ডের এসব এলাকা আগে ছিল ইউনিয়নভুক্ত। সিটি করপোরেশনের আওতায় এসেছে বেশি দিন হয়নি। আবর্জনার বিষয়টি তিনি দেখবেন।
নবাবগঞ্জ এলাকায় বেড়িবাঁধের ওপর তৈরি রাস্তার ওপর দেখা গেল একটু পরপর আবর্জনার স্তূপ। গাড়ির চাকা ও পথচারীর পায়ে পায়ে এগুলো ছড়িয়ে আছে রাস্তার কিছু অংশে। নবাবগঞ্জের বাসিন্দা আবদূর নূর জানান, তিনি সিটি করপোরেশন গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলতে দেখেছেন।
আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে বেড়িবাঁধ ও রাস্তার কর্তৃপক্ষ পানি উন্নয় বোর্ডের ঢাকা অঞ্চল থেকে সিটি করপোরেশনকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা যায়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
যাত্রাবাড়ীতে ধোলাইখালের দয়াগঞ্জ অংশটি এখন দখলের পাশাপাশি দূষণকবলিত। যাত্রাবাড়ীর দোলাইরপাড় বাসস্ট্যান্ড এলাকায় বসানো পাঁচটি কনটেইনারের আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে গত বৃহস্পতিবার। মাস খানেক আগে কনটেইনারগুলোর অবস্থা নিয়ে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ডিএসসিসি তাৎক্ষণিকভাবে পরিষ্কার করেছিল।
নবাবগঞ্জ, দোলাইখাল ও যাত্রাবাড়ীর রাস্তায় ময়লার বিষয়ে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান ক্যাপ্টেন রকিব উদ্দিন ভূঁইয়া বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।