সিটি করপোরেশনই দখল করে আছে চাক্তাই খাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় চাক্তাই খালের ওপর গড়ে ওঠা সিটি করপোরেশনের চার তলা ভবন l প্রথম আলো
নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় চাক্তাই খালের ওপর গড়ে ওঠা সিটি করপোরেশনের চার তলা ভবন l প্রথম আলো

চট্টগ্রাম নগরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খাল। গুরুত্বপূর্ণ এই খালের সংস্কার ও খননের দায়িত্ব সিটি করপোরেশনের। এই খাতে প্রতিবছর খরচ করা হয় কোটি কোটি টাকা। অথচ খালটির দখলদারের তালিকায় নাম উঠেছে খোদ সিটি করপোরেশনের। চট্টগ্রাম জেলা প্রশাসন এই তালিকা তৈরি করেছে।
নদী কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন এই তালিকা তৈরি করে। সিটি করপোরেশনের পাশাপাশি খালের জায়গা দখল করেছে আরও ৪৭ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান। দখলদােররা খালের প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে।
জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী, নগরের বহদ্দারহাট এলাকায় খালের ৭৯৩ বর্গফুট জায়গা দখল করে চারতলা ভবন নির্মাণ করেছে সিটি করপোরেশন। ভবনটিতে করপোরেশনের রাজস্ব সার্কেল-২–এর কার্যালয় রয়েছে। এর পাশে প্রায় ১৩ হাজার ১২৫ বর্গফুট জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছিল বহদ্দারহাট কাঁচাবাজার। বর্তমানে জায়গাটি খালি অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে দেখা যায়, চারতলা ভবনটি নির্মাণ করা হয়েছে খালের ওপরই। ওই স্থানে খালের অস্তিত্বই নেই। পানি নিষ্কাশন হচ্ছে পাশের সরু নালা দিয়ে।
জেলা প্রশাসনের তালিকার ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নািছর উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। তবে চাক্তাই খালের ওপর সিটি করপোরেশনের কোনো স্থাপনা থাকলে অবশ্যই সরিয়ে নেওয়া হবে।’
সিটি করপোরেশন সূত্র জানায়, চাক্তাই খালের দৈর্ঘ্য হচ্ছে প্রায় ১৮ হাজার ফুট ও প্রস্থ এলাকাভেদে ২০ থেকে ৭০ ফুট। নগরের বহদ্দারহাট থেকে শুরু হওয়া এই খাল কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছে। করপোরেশনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চাক্তাই খাল খননে ২০১১-১২ অর্থবছরে খরচ হয়েছে ২ কোটি ৪২ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১ কোটি ৯৪ লাখ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ২ কোটি ৩৭ লাখ টাকা।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত বছরের ২৬ নভেম্বর চাক্তাই খাল সীমানা নির্ধারণে কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম ভূমি অফিসের (সদর সার্কেল) সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামকে ১৫ সদস্যের এই কমিটির প্রধান করা হয়। কমিটি গত ১৪ ডিসেম্বর অবৈধ দখলদারদের বিষয়ে প্রতিবেদন জমা দেয়।
কমিটির প্রধান মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএস জরিপ অনুযায়ী খালের অবৈধ দখলদারদের চিহ্নিত করে তালিকা করা হয়েছে।
গত শনি ও রোববার সরেজমিনে দেখা গেছে, নগরের মধ্যম চাক্তাই, কোরবানিগঞ্জ, মাস্টারপোল, বহদ্দারহাট এলাকায় চাক্তাই খালের জায়গা দখল করে কেউ বহুতল ভবন নির্মাণ করেছেন, কেউ ব্যবসায় প্রতিষ্ঠানের দোকানঘর বর্ধিত করেছেন। আবার টিনশেড ও সেমিপাকা ঘর নির্মাণ করেছেন কেউ কেউ।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসনের একার পক্ষে চাক্তাই খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব নয়। তাই কীভাবে উচ্ছেদ করা যায়, তা চূড়ান্ত করতে কিছুদিনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে আমরা আলোচনায় বসব। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে।’

নগরের মধ্যম চাক্তাই এলাকায় খাল দখল করে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন ভবন l প্রথম আলো
নগরের মধ্যম চাক্তাই এলাকায় খাল দখল করে গড়ে উঠেছে ব্যক্তি মালিকানাধীন ভবন l প্রথম আলো


চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন গত রোববার সকালে নগর ভবনে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, চাক্তাই খালের অবৈধ দখলদারদের উচ্ছেদে জেলা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে।
জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী, চাক্তাই খালের ডান তীরের জায়গা দখল করেছে ৩৩ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান। বাম তীরে দখলদারের সংখ্যা ১৫।
গত শনিবার দুপুরে মধ্যম চাক্তাই এলাকায় সরেজমিনে দেখা গেছে, চাক্তাই খালের জায়গা দখল করে দোকান বর্ধিত করেছে পাঁচতারা বাণিজ্যালয়, মাওলা স্টোর, জে বি ট্রেডার্স ও মেসার্স সুভাষ স্টোর। এ ছাড়া এ এম ট্রেডিংয়ের তিনতলা ভবনের কিছু অংশ খালে পড়েছে। ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে রাখা খালের অংশ ব্যবহার করছে দোকানের মালামাল রাখার জায়গা ও শৌচাগার হিসেবে।
জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী, পাঁচতারা বাণিজ্যালয়ের দখলে আছে খালের এক হাজার বর্গফুট অংশ। এ ছাড়া সুভাষ স্টোরে ৮০, জেবি ট্রেডার্সের ১০০, মাওলা স্টোরের ১২ ও এ এম ট্রেডিংয়ের দখলে আছে ১০ বর্গফুট জায়গা।
মধ্যম চাক্তাই এলাকায় খালের অংশ দখল করে রাখার বিষয়টি স্বীকার করেছেন পাঁচতারা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী এনাম উল হক ও সুভাষ স্টোরের দেবপ্রসাদ চৌধুরী। তাঁরা বলেন, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে একবার উচ্ছেদ করা হয়েছিল। পরে খালের জায়গা দখল করে দোকান বর্ধিত করা হয়েছে।
তবে খাল দখলের বিষয়টি অস্বীকার করেছেন এ এম ট্রেডিংয়ের বাদল দেব। জেব ট্রেডার্সের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এদিকে বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ অবৈধ দখলদারদের তালিকা করার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি প্রথম আলোকে বলেন, শুধু তালিকা করলেই হবে না। খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করাও জরুরি।