সিটি করপোরেশনকে সাড়ে ৩৫ কোটি টাকা দিল চট্টগ্রাম বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে এক চেকে সাড়ে ৩৫ কোটি টাকার পৌরকর তুলে দিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। গতকাল রোববার সকালে বন্দর ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক তুলে দেওয়া হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সিটি করপোরেশনের নির্ধারিত পৌরকর ৩৯ কোটি ৫০ লাখ টাকা। তবে সিটি করপোরেশনের বিধান অনুযায়ী, অগ্রিম কর অর্থাৎ প্রথম কোয়ার্টারে পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় পাবে করদাতা। সেই হিসাব অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ একসঙ্গে পরিশোধ করে চার কোটি টাকা ছাড় পেয়েছে।
অনুষ্ঠানে বন্দরের পর্ষদ সদস্য কমোডর জুলফিকার আজিজ ও জাফর আলম, পরিচালক সাদেকা বেগম, গোলাম ছরওয়ার ও লে. কর্নেল আবদুল গাফ্ফার, বন্দরসচিব মো. ওমর ফারুক, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বন্দর সূত্র জানায়, পৌরকর নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের অবসান ঘটে ২০১২-১৩ অর্থবছরে। গত পাঁচ বছরে ২৫৬ কোটি টাকা পৌরকর পরিশোধ করেছে বন্দর।