সিটি করপোরেশনকে ৫০টি ভ্যান উপহার
বর্জ্য পরিবহনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে ৫০টি রিকশাভ্যান দিয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। গতকাল মঙ্গলবার নগরভবন প্রাঙ্গণে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে এসব ভ্যান হস্তান্তর করা হয়।
মেয়র ভ্যান উপহার দেওয়ায় জিপিএইচকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘জিপিএইচের এ উদ্যোগ ক্লিন ও গ্রিন চট্টগ্রাম বাস্তবায়নে গতিশীলতা আনবে। এভাবে অন্য বিত্তশালীরা সেবার মনোবৃত্তি নিয়ে এগিয়ে এলে সেবার পরিধি আরও বৃদ্ধি করা সম্ভব হবে।’
ভ্যান হস্তান্তরের সময় জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিটি করপোরেশনকে এসব ভ্যান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক সোলায়মান, মোহাম্মদ ইসমাইল, শৈবাল দাশ, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জিপিএইচের মিডিয়া উপদেষ্টা অভীক ওসমান প্রমুখ।