
রংপুরের মিঠাপুকুর উপজেলায় চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে ছয়জনকে পুড়িয়ে হত্যা এবং সারা দেশে টানা অবরোধের নামে নৃশংস হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে রংপুর নগরে গতকাল মঙ্গলবার শান্তি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রত্যক্ষদর্শী ও রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ শান্তি শোভাযাত্রা বের করা হয়। এতে সিটি করপোরেশনের বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি সিটি করপোরেশন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ছাড়াও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
বক্তৃতায় মেয়র সরফুদ্দীন আহমেদ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দিয়ে বলেন, ‘যাঁরা এসব নাশকতা কর্মকাণ্ড করছেন তাঁরা দেশের শত্রু। তাঁদের আমাদের প্রতিহত করতে হবে। পাড়া-মহল্লা থেকে তাঁদের খুঁজে বের করে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো সমস্যা হলে বিষয়টি আমি দেখব।’
ফরিদ আহাম্মদ শান্তির পক্ষে সিটি করপোরেশনের এ শান্তি মিছিলের আয়োজনের প্রশংসা করে বলেন, ‘অসহায় মানুষের পাশে আমাদের থাকতে হবে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।’
আবদুর রাজ্জাক বলেন, ‘জনগণের সহযোগিতা নিয়েই পুলিশকে কাজ করতে হবে। শান্তির জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’