সিটি করপোরেশনের তদারকি নেই বিক্রেতাদের অভিযোগ, তালিকা মানা সম্ভব না আজ করপোরেশনে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূল্যতালিকা থাকলেও তা মানছেন না বিক্রেতারা। গতকাল হাতিরপুল বাজার থেকে তোলা ছবি l প্রথম আলো
মূল্যতালিকা থাকলেও তা মানছেন না বিক্রেতারা। গতকাল হাতিরপুল বাজার থেকে তোলা ছবি l প্রথম আলো

ঢাকার দুই সিটি করপোরেশনের বেঁধে দেওয়া মূল্যতালিকা মানছেন না বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, এ নিয়ে সিটি করপোরেশনের কোনো তদারকি নেই। আর বিক্রেতাদের অভিযোগ, সিটি করপোরেশন তাঁদের সঙ্গে আলোচনা না করেই মূল্যতালিকা দিয়েছে, তাই ওই তালিকা অনুযায়ী বিক্রি করা সম্ভব না। সরেজমিনে গতকাল বুধবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য মিলেছে।
রাজধানীর উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত খিলগাঁও বাজারে যে মূল্যতালিকা টাঙানো হয়েছে, তার পাশেই কাঁচাবাজার নিয়ে বসেছিলেন খোকন মিয়া। তিনি প্রতিকেজি মরিচ বিক্রি করছিলেন ৬৫ টাকা দরে। কিন্তু মূল্যতালিকায় কাঁচা মরিচের দাম লেখা ৪০ টাকা। মূল্যতালিকা মেনে কেন মরিচ বিক্রি করছেন না, জানতে চাইলে তিনি বলেন, ‘ওই তালিকার মইদ্যে ভেজাল আছে। হেরা গত বছরের দাম লেইখ্যা রাখছে। খালি তারিক বদলাইয়া দিছে। দাম বদলায় নাই। হেরা বাজার যাচাই কইরা দাম ল্যাখে না দেইখ্যা মানুষের লগে আমাদের দাম লইয়্যা তর্ক হয়।’
এই বাজারে সিটি করপোরেশনের মূল্যতালিকায় দেশি ও বিদেশি পেঁয়াজের দাম প্রতি কেজি যথাক্রমে ৩৫ ও ২৫ টাকা। কিন্তু বাজারে গিয়ে দেখা গেল, দেশি পেঁয়াজ ৪০ টাকা আর বিদেশি পেঁয়াজ ৪২ টাকায় বিকোচ্ছে। তালিকায় সরিষার তেল প্রতি লিটার দেওয়া আছে ১১১ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ১৮৮ টাকা। গুঁড়া দুধের দাম (ডানো) তালিকায় আছে ৫৯০ টাকা আর বিক্রি হচ্ছে ৭০০ টাকা। বেগুনের দাম তালিকায় আছে ৪০ টাকা আর বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। তালিকায় মিনিকেট ও পাইজাম প্রতি কেজি চালের দাম দেওয়া আছে যথাক্রমে ৩৭ ও ৪৬ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৪০ ও ৪৮ টাকা দরে।
বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই বাজারের মুদি দোকানদার নাজির মিয়া বলেন, ‘সিটি করপোরেশনের তালিকার লগে আমাগো দাম মিলবো না। হেরা যদি আমাগো লগে কথা কইয়া দাম ল্যাখতো তাহলে এই সমস্যা হইতো না।’
খিলগাঁওয়ের তালতলায় সিটি করপোরেশন মার্কেটে গিয়ে দেখা গেল, সিটি করপোরেশন যে মূল্যতালিকা দিয়েছিল তার সামনে চটপটির দোকান দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মূল্যতালিকার অনেক পণ্যের নাম মুছে গেছে।
একই চিত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত ঠাটারিবাজার ও হাতিরপুল বাজারেও। ঠাটারিবাজারে বাজার করতে এসেছিলেন সরকারি চাকুরে সাব্বির আহমেদ। তিনি মূল্যতালিকা অনুসরণ না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বেশির ভাগ পণ্যের দামের সঙ্গে বাজারের দাম মেলে না। ঠাটারিবাজারে সিটি করপোরেশনের বেঁধে দেওয়া দাম অনুসারে কেবল গরু ও খাসির মাংস বিক্রি হতে দেখা গেছে।
অনুসন্ধানে জানা গেল, সিটি করপোরেশন কেবল মূল্য নির্ধারণ করে দিয়েছে। এ ছাড়া কার্যত তাদের আর পদক্ষেপ নেই। বাজারে সেই মূল্যতালিকা মানা হচ্ছে কি না, সেই তালিকার সঙ্গে বাজারের মূল্য ঠিক আছে কি না—এসব বিষয়ে কোনো তদারকি নেই।
হাতিরপুল বাজারে প্রতি কেজি মরিচ ও বেগুন বিক্রি হচ্ছে যথাক্রমে ৭০ ও ১০০ টাকা দরে। অথচ দোকানের সামনেই সিটি করপোরেশনের মূল্যতালিকায় মরিচের দাম লেখা আছে ৪০ আর বেগুনের দাম ৩৫ টাকা। একই অবস্থা আদা, রসুন, পেঁয়াজের ক্ষেত্রেও। হাতিরপুল বাজারে ভাই ভাই স্টোরের বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘সিটি করপোরেশন কি বুইঝা দাম ল্যাখে হেরাই জানে। আমরা পাইকারি বাজার থাইক্যা যদি কম দামে না পাই তাইলে কম দামে বেচমু কেমনে?’
জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (আজ) আমাদের সভা আছে। সেখানে বাজারে পণ্যের দাম নিয়ে আলোচনা হবে। যেসব বিক্রেতারা বেশি দামে পণ্য বিক্রি করছে তাঁদের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে আলোচনা হবে।’
সার্বিক হিসাব করেই পণ্যের দাম লেখা হয়েছে বলে তিনি জানান।
অতিরিক্ত দাম নেওয়া বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলীও।