সিটি করপোরেশনের নিষেধ অমান্য করে কাঁচাবাজার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বাইপাস সড়কের পাশে গাজীপুরের ভোগড়া এলাকায় সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই গড়ে ওঠা কাঁচাবাজারটি গত রোববার রাতে উদ্বোধন করা হয়েছে৷ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন৷
উদ্বোধনীতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি৷ তবে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷ এলাকাবাসীর দাবি এবং সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ বাজারটি উদ্বোধন করায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে৷
ভোগড়া ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমে ঢাকা বাইপাস সড়কের পাশে অবৈধভাবে কাঁচাবাজারটি বসানোয় শহরের ভোগড়া ও বাসন এলাকার পানিনিষ্কাশনের পথটি প্রায় বন্ধ হয়ে গেছে৷
এলাকাবাসীর পক্ষ থেকে গাজীপুর সিটি মেয়রের কাছে আবেদন করা হলে কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শনে ঘটনার সত্যতা পায়৷