সিটি করপোরেশনের বাসগুলোতে নারীদের যাতায়াতের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদে পথ চলার জন্য মহিলা বাস সার্ভিসসহ করপোরেশনের সব বাসে যাতায়াতের জন্য চট্টগ্রাম নগরের নারীদের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। করপোরেশনের যোগাযোগ স্ট্যান্ডিং কমিটির এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।
গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘মহিলা বাস সার্ভিস: চট্টগ্রাম নগরের জন্য একটি বাস’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই দিন দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, ২০০৬ সালে তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী নারী ও শিশু যাত্রীদের সুবিধার্থে ছয়টি বাস দিয়ে এই সার্ভিস চালু করেছিলেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় নানা জটিলতা ও যাত্রীসংকটের কারণে এই সার্ভিস বন্ধ হয়ে যায়। পরে ২০১১ সালের ৩ মার্চ থেকে বর্তমান মেয়র মন্জুর আলম নগরে ‘মা ও শিশুর নিরাপদ বাহন’ ও ‘সিটি টুর সার্ভিস’ পুনরায় চালু করেন। অলাভজনক হওয়ার পরও মা ও শিশুর নিরাপদ বাহনের একটি বাস চালু আছে। যান্ত্রিক ত্রুটি ও মেরামতের জন্য মাঝেমধ্যে বাসটি বন্ধ থাকে। তবে তা সাময়িক।
সভায় আরও বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশন নারী-পুরুষের সমতায় বিশ্বাসী। তাই মা ও শিশুর নিরাপদ বাহন ছাড়াও সিটি টুর সার্ভিসে নারী ও পুরুষ সবার জন্যই এই সার্ভিসটি চালু আছে। এসব বাসে নারী ও শিশুরা নিরাপদে যাতায়াত করতে পারবে। বর্তমানে সর্বসাধারণের যাতায়াতের জন্য সিটি টুর সার্ভিস নামে ১০টি বাস নগরে চলছে।
যোগাযোগ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আফরোজা কালামের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল, মো. হাসান মুরাদ, গোলাম মোহাম্মদ চৌধুরী, ফেরদৌস আরা তাহের, নুরুল হক প্রমুখ।