সিটি করপোরেশনের মূল্য তালিকা কাজে আসছে না
রোজা উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সিটি করপোরেশন বিভিন্ন বাজারে যে মূল্যতালিকা দিয়েছিল, তা কোনো কাজে আসছে না। বিক্রেতারা তাঁদের ইচ্ছামতোই বিভিন্ন পণ্যের দাম নিচ্ছেন। বাড়তি মূল্য নিয়ন্ত্রণে সিটি করপোরেশনও কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
রোজা শুরুর পর প্রথম আলোর এই প্রতিবেদক রাজধানীর দুই সিটি করপোরেশনের ছয়টি বাজার ঘুরে এমন চিত্র দেখেছিলেন। গত বৃহস্পতিবার সেই বাজারগুলো ঘুরে দেখা গেছে, ওই চিত্রের কোনো পরিবর্তন হয়নি। বাজারগুলো হচ্ছে: খিলগাঁও রেলগেট বাজার, তালতলা বাজার, রামপুরা বাজার, হাতিরপুল বাজার, কারওয়ান বাজার ও কাপ্তান বাজার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের খিলগাঁও তালতলা বাজারে সকাল ১০টায় গিয়ে দেখা যায়, আগের মতোই সেখানের মূল্যতালিকাটি বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানের আড়ালে ঢাকা পড়েছে।
তালিকার বিভিন্ন লেখা মুছে গেলেও তা হালনাগাদ বা সংস্কার করা হয়নি। অথচ এই মূল্যতালিকার বেহাল অবস্থা নিয়ে ৩ জুলাই প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক বলেছিলেন, তিনি শিগগিরই মূল্যতালিকা সংস্কার করবেন। এই বাজারে বাজার করতে এসেছিলেন নূরবাগের বাসিন্দা সোহেলী বেগম। মূল্যতালিকার কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এই বাজারে মূল্যতালিকা আছে নাকি? কই, দেখিনি তো!’
খিলগাঁওয়ের রেলগেট-সংলগ্ন সিটি করপোরেশনের বাজারে গিয়ে দেখা গেছে, ওই বাজারের মূল্যতালিকাটির তারিখ সর্বশেষ ১৩ জুলাই পরিবর্তন করা হয়েছিল। কিন্তু মূল্যতালিকায় পণ্যের দাম রোজার শুরুতে যা লেখা হয়েছিল, তা আর বদল করা হয়নি।
বাজারের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেল, সিটি করপোরেশনের লোকজন এই বাজারে আসেন না। মূল্যতালিকার সামনে থাকা ভাই ভাই স্টোরের দোকানদার শুধু এই তালিকার তারিখ বদলে দেন। এ বিষয়ে জানতে চাইলে ওই দোকানের মালিক ইয়াকুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সিটি করপোরেশনের লোকজন আমার দোকানে চক ও মার্কার কলম রাখে, তবে এই কাজ আমি করি না।’
এই বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকা দরে। আর তালিকায় দাম লেখা আছে ৪০ টাকা।
দেশি ও বিদেশি পেঁয়াজের দাম প্রতি কেজি যথাক্রমে দেওয়া আছে ৩৫ ও ২৫ টাকা। কিন্তু বাজারে দেশি পেঁয়াজের দাম ৩৮ টাকা আর বিদেশি পেঁয়াজের দাম ৩৬ টাকা। গুঁড়া দুধের দাম (ডানো) তালিকায় আছে ৫৯০ টাকা আর বিক্রি হচ্ছে ৭৩৫ টাকা। বেগুনের দাম তালিকায় আছে ৪০ টাকা আর বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তালিকায় থাকা মিনিকেট ও পাইজাম চাল প্রতি কেজির দাম দেওয়া যথাক্রমে ৩৭ ও ৪৬ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৪০ ও ৪৮ টাকা দরে। বিক্রেতারা জানান, মূল্যতালিকা গত বছরের তৈরি। এ বছর কেউ তাঁদের দাম জিজ্ঞাসা করতে আসেনি। ফলে আগের বছরের দামই তালিকায় রয়ে গেছে।
দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজারে গিয়ে দেখা গেল, সেখানের মূল্যতালিকায় কেবল তারিখের পরিবর্তন আছে। মূল্যতালিকায় চক দিয়ে লেখাগুলো মুছে গেছে।
এই বাজারে প্রতিবেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আদা বিক্রি হচ্ছে ২২০ টাকায় আর ছোলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
হাতিরপুল বাজারে মূল্যতালিকা কিছুটা হালনাগাদ করা হলেও তার সামনে কাঁচা তরকারির দোকানের কারণে তালিকাটি ঢাকা পড়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী জানান, নিয়মানুসারে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্যতালিকা হালনাগাদ হওয়ার কথা। তাঁর ভাষ্য, দুজন নির্বাহী হাকিমকে বাজার তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন বাজার ঘুরে এটি দেখভাল করছেন।