সিটি করপোরেশন আইন সংশোধনে বিল উত্থাপন
৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সিটি করপোরেশন আইন সংশোধনের সুপারিশ করে গতকাল রোববার জাতীয় সংসদে বিল উত্থাপিত হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি উত্থাপন করেন।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১২ নামের এই বিল আইনে পরিণত হলে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৮ মের মধ্যে নির্বাচন করতে হবে। উত্থাপনের পর বিলটি যাচাই করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।গত বছরের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে আইন পাস হয়। ওই আইনে বলা হয়, কোনো সিটি করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে, করপোরেশন গঠনের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আইন গেজেট আকারে প্রকাশিত হয় ১ ডিসেম্বর। এই হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন করার কথা। কিন্তু নিজেদের মেয়াদে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ না থাকায় সম্প্রতি বিদায় নেওয়া নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে অসম্মতি জানায়। এ কারণে সরকার ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান করে আইন সংশোধনের সিদ্ধান্ত নেয়।সবশেষে সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।