সিটি করপোরেশন ও চউকের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি
সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান চট্টগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তাঁরা এই প্রতিশ্রুতি দেন।বিশেষ অতিথির বক্তব্যে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘আর কোনো বিরোধ নয়, বিদ্বেষ নয়, চট্টগ্রামের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা।’ পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মন্জুর আলম করপোরেশন ও চউকের সমন্বয় প্রয়োজন বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি দলীয় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও চট্টগ্রামের উন্নয়ন ছাড়া কখনো কোথাও দলের কথা বলিনি। আমি কোনো একটি মতাদর্শে বিশ্বাসী হতে পারি, সেটা আমার অন্তরে থাকবে। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি সেভাবে দলকে টেনে আনার পক্ষপাতী নই।’‘চট্টগ্রামের আবাসন ও পরিকল্পিত উন্নয়ন’ বিষয়ক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রকৌশল, স্থাপত্য ও আবাসনবিষয়ক পত্রিকা মুক্ত আকাশ।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, মুক্ত আকাশ এর উপদেষ্টা ও রিহ্যাবের সাবেক সভাপতি আবদুল আউয়াল ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি মোহাম্মদ হারুন। দুটি বিষয়ে প্রবন্ধ পড়েন নগর পরিকল্পনাবিদ চৌধুরী ফজলে বারী এবং প্রকৌশলী আলী আশরাফ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি গোলাম রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্ত আকাশ সম্পাদক মো. শামসুল আলম।