সিটি করপোরেশন তিন বছরে কোটি টাকার রাজস্ববঞ্চিত
‘ক্যাপিটাল ড্রেজিং ও ব্যাংক প্রটেকশন প্রকল্প’-এর আওতায় নেওয়া ছয়টি ঘাট চট্টগ্রাম সিটি করপোরেশনকে বুঝিয়ে দিচ্ছে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফলে এসব ঘাট ইজারা দিতে পারছে না করপোরেশন। করপোরেশন চলতি বছরসহ আগামী বছর এ খাতে রাজস্ববঞ্চিত হচ্ছে প্রায় এক কোটি টাকা। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ঘাটগুলো হলো চাক্তাই ঘাট, ফিশারি ঘাট, সদরঘাট, অভয়মিত্র ঘাট, চাক্তাই গাইজ্জের ঘাটের পাশে দক্ষিণে ও ফিশারি ঘাটের উত্তরে মধ্যবর্তী নতুন ঘাট এবং লবণঘাট।
করপোরেশন সূত্রে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষ বুঝিয়ে না দেওয়ায় ১৪১৯ ও ১৪২০ বঙ্গাব্দে এসব ঘাট ইজারা দিতে পারেনি সংস্থাটি। একই কারণে আগামী বছরেও ঘাটগুলো ইজারা দিতে পারছে না করপোরেশন। সর্বশেষ ১৪১৮ বঙ্গাব্দে এসব ঘাট ইজারা দিয়ে করপোরেশন ৩৩ লাখ ১৭ হাজার ৯০০ টাকা আয় করে। অর্থাৎ গত দুই বছরে ইজারা না দেওয়ায় করপোরেশন ৬৬ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া ১৪২১ বঙ্গাব্দে ইজারা দিতে না পারায় আরও ৩৩ লাখ টাকা বঞ্চিত হবে। এভাবে তিন বছরে মোট এক কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে সিটি করপোরেশন। করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমদুল হক বলেন, ‘করপোরেশনের বিভিন্ন হাটবাজার ও ঘাট আগামী বছরের জন্য ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ ঘাটগুলো আমাদের কাছে হস্তান্তর করেনি। তাই এখন পর্যন্ত ঘাটগুলো ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না।’
আহমদুল হক জানান, সিটি করপোরেশনকে ঘাটগুলো বুঝিয়ে দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে গত ডিসেম্বরে চিঠি দেওয়া হয়েছে। এর আগেও কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।
করপোরেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকল্পের কার্যক্রম পরিচালনা করার জন্য ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ঘাটগুলোর ইজারা বন্ধ রাখার অনুরোধ জানায়। ২০১৩ সালের আগস্ট পর্যন্ত ইজারা কার্যক্রম বন্ধ রাখে করপোরেশন। এরপর নির্দিষ্ট সময় পার হলেও ঘাটগুলো করপোরেশনকে বুঝিয়ে দেয়নি বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০১১ সালের ২৮ এপ্রিল ২২৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়নের জন্য মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনের সঙ্গে চুক্তি হয়। ওই বছরের ১৫ মে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ২ জানুয়ারি। এরপর প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু মেয়াদ শেষেও প্রকল্পের মূল খননকাজ শেষ হয়নি। ফলে প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে।