সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে বিএনপি: তথ্যমন্ত্রী

ঢাকার আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে বিএনপি নেতাদের মন্তব্যকে হঠকারী হিসেবে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এর সমালোচনা করে তিনি বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
রাজধানীর তেজগাঁওয়ে আজ শনিবার চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চাইছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। তারা সব সময়ই নির্বাচনকে বিতর্কিত করতে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যেই নির্বাচনে অংশ নেয়।’
হাছান মাহমুদ বলেন, ‘আমি মনে করি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে জয়লাভের উদ্দেশ্যেই বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত।’
এ সময় বিএনপির একজন কাউন্সিলর প্রার্থীর গ্রেপ্তার সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘যদি বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো দলের প্রার্থীর বিরুদ্ধে মামলা অথবা গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করতেই পারেন।’
সিটি নির্বাচন সম্পর্কে বিএনপি নেতাদের বিবৃতি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, তাঁদের বিবৃতিতে আসন্ন সিটি নির্বাচনে বিএনপির পরাজয়ের বিষয়টিই উঠে এসেছে। তিনি আরও বলেন, ‘সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করাই বিএনপির প্রধান লক্ষ্য। বিএনপির অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ ভিত্তিহীন।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি জয়লাভ করার উদ্দেশ্যে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভের জন্য অংশ নেয়নি। তারা নির্বাচনটিকে বিতর্কিত করতে চেয়েছিল। এখনো তারা তা-ই করছে।’
এর আগে তথ্যমন্ত্রী বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ আয়োজিত দিনব্যাপী পিএলজি প্রকৃতি মেলা উদ্বোধন করেন।