কুমিল্লা পৌরসভা প্রতিষ্ঠার ১৪৬ বছর পর এটি সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে। এর মধ্য দিয়ে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে কুমিল্লাকে সিটি করপোরেশন ঘোষণা করার প্রক্রিয়া এগিয়ে চলছে। এ অবস্থায় কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রচারণা ঝিমিয়ে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮৬৪ সালর ৩০ নভেম্বর কুমিল্লা শহরকে পৌরসভা ঘোষণা করা হয়। ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করলে তাতে কুমিল্লা ও সদর দক্ষিণ পৌরসভার নামও উল্লেখ করা হয়। এরপর কুমিল্লার বিভিন্ন স্তরের সরকারদলীয় জনপ্রতিনিধিরা কুমিল্লাকে এখনই সিটি করপোরেশন ঘোষণার দাবি জানিয়ে সরকারের কাছে জোর তৎপরতা চালান। এরই আলোকে স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনে কুমিল্লার দুটি পৌরসভায় নির্বাচনের ব্যাপারে সরকারের মনোভাব জানায়। গত রোববার ওই খবর ছড়িয়ে পড়লে উভয় পৌরসভা নির্বাচন করতে ইচ্ছুক ব্যক্তিরা হঠাৎ করেই নির্বাচনী প্রচারণা থামিয়ে দেন। জানতে চাইলে কুমিল্লা পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওমর ফারুক বলেন, ‘কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে। তাই প্রচারণা না চালিয়ে এখন সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করছি।’সদর দক্ষিণ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী চৌধুরী সেলিম বলেন, ‘এখন গণসংযোগ করে লাভ নেই। সরকার দুটি পৌরসভাকে একত্র করে সিটি করপোরেশন করছে।’সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আমরা কুমিল্লাকে সিটি করপোরেশনে রূপান্তরের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছি। ইনশাআল্লাহ, আমাদের সরকারের সময়ে এটি সিটি করপোরেশন হবে। এখন কেবল অপেক্ষার পালা।’