সিটি করপোরেশন হলো কুমিল্লা
অবশেষে কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করা হলো। গতকাল রোববার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লাকে সিটি করপোরেশন করার ঘোষণা দেওয়া হয়। কুমিল্লা পৌরসভা ও কুমিল্লার সদর দক্ষিণ পৌরসভার বিভিন্ন এলাকা নিয়ে এ সিটি করপোরেশন গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। পৌরসভা প্রতিষ্ঠার ১৪৭ বছর পর সিটি করপোরেশন হলো কুমিল্লা।এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে রূপ নিল। রোববারই গেজেট আকারে তা প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে গেজেটের কপি ফ্যাক্সযোগে আমাদের কাছে পাঠানো হয়।’ কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর দক্ষিণ পৌরসভার নয়টি ওয়ার্ডসহ ২৭টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলো। গেজেট প্রকাশের পর পৌরসভার কার্যক্রম রহিত হলো। ১৮৬৪ সালের ৩০ নভেম্বর কুমিল্লা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। আর ২০০৫ সালে সদর দক্ষিণ পৌরসভা হয়।