সিটি করপোরেশন হলো গাজীপুর, আনন্দ-উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণ ও ওয়ার্ডবিন্যাস করে গাজীপুর সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করবে। গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে আইন অনুযায়ী সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে গাজীপুর সিটি করপোরেশনের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। গাজীপুরকে দেশের ১১তম সিটি করপোরেশন ঘোষণার খবরে গতকাল টঙ্গী ও গাজীপুরে আনন্দমিছিল হয়েছে। মিছিল শেষে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন এলাকাবাসী। গাজীপুর সিটি করপোরেশন গঠনের সময় সেনানিবাসের জমি নিয়ে জটিলতা প্রসঙ্গে স্থানীয় সরকারসচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, গাজীপুর ক্যান্টনমেন্টের প্রায় এক হাজার ৮৮৮ একর চ্যাপ্টার্ড এলাকা সিটি করপোরেশনের তফসিল থেকে বাদ দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আইন অনুযায়ী এই এলাকা বাদ দেওয়ার সুযোগ নেই। তা ছাড়া গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ও বিষয়টি নামঞ্জুর করে।গত অক্টোবরে সেনানিবাসের জমি বাদ দিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠনের অনুরোধ জানিয়েছিল ক্যান্টনমেন্ট বোর্ড। তবে বোর্ড যেসব জমি সেনানিবাসের বলে দাবি করেছিল, তার সঙ্গে জেলা প্রশাসন, সাংসদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভিন্নমত পোষণ করেন। পরে ২২ অক্টোবর প্রস্তাবিত সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের ব্যাপারে আপত্তি নিষ্পত্তির জন্য গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। সব আপত্তি নিষ্পত্তির পর গত বছর জেলা প্রশাসন পূর্ণাঙ্গ প্রস্তাব পেশ করে। প্রায় ৩২৯ দশমিক ৯ বর্গকিলোমিটার আয়তনের সিটি করপোরেশনের জনসংখ্যা প্রায় ২৫ লাখ।প্রস্তাবে বলা হয়, উত্তরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন; দক্ষিণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন; পূর্বে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়ন এবং সাভার উপজেলার শিমুলিয়া ও দামসোনা ইউনিয়ন নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হবে। আমাদের গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি জানান, গাজীপুর সিটি করপোরেশন ঘোষণা করায় গতকাল টঙ্গীতে আনন্দমিছিল করেছেন সর্বস্তরের মানুষ। সন্ধ্যায় টঙ্গীতে সাধারণ মানুষ মিছিল বের করেন। মিছিলে স্থানীয় সাংসদ জাহিদ আহসান ও টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ অংশ নেন। এলাকাবাসী মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন।গাজীপুর সিটি করপোরেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘গাজীপুরের লাখ লাখ মানুষের দাবির কারণেই গাজীপুর সিটি করপোরেশনের জন্য আমরা আন্দোলন করেছি। এর সুফল আজ পেয়েছি।’গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান বলেন, গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।