সিটি করপোরেশনকে উদ্ধারে আনারসে ভোট দেওয়ার আহ্বান মন্জুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনকে ব্যবহার করে যাঁরা নিজেদের আখের গুছিয়েছেন, সেই অপশক্তির হাত থেকে জনগণের কর দিয়ে গড়া এ প্রতিষ্ঠানকে উদ্ধার করতে আনারস মার্কায় ভোট দিন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মন্জুর আলম গতকাল বুধবার গণসংযোগকালে এ কথা বলেন।মন্জুর আলম সকাল থেকে নগরের আলকরণ, ফিরিঙ্গিবাজার, দেওয়ানবাজার, চকবাজার, আন্দরকিল্লা, বাগমনিরাম ও নিউমার্কেট এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, ‘নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে একটি কার্যকর পরিবর্তন দরকার। ১৭ জুন আমাদের সামনে সেই সুযোগ আসছে। একে হাতছাড়া করার কোনো সুযোগ নেই।’নিউমার্কেট এলাকায় গণসংযোগকালে মন্জুর বলেন, মেয়র নির্বাচনকে কেন্দ্র করে হকার উচ্ছেদ নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি জয়ী হলে ফুটপাতে ব্যবসারত হকারদের আরও উন্নতভাবে ব্যবসার সুযোগ দেওয়ার পাশাপাশি স্থায়ী আবাসনেরও প্রতিশ্রুতি দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি মো. সামসুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন, নগর যুবদলের সভাপতি আবুল হাশেম বক্কর, সাধারণ সম্পাদক কাজী বেলাল প্রমুখ।গণসংযোগ শুরুর আগে সকালে মন্জুর আলমের বাসভবনে তাঁর সঙ্গে মতবিনিময় করেন আমিন জুট মিল শ্রমিক দল, ডিপ টিউবওয়েল কারিগর শ্রমিক এবং উত্তর মধ্যম হালিশহর নাথপাড়া সনাতন ধর্মাবলম্বীর নেতারা। বিকেলে পাঁচলাইশে কার্ডিয়াক হাসপাতাল মিলনায়তনে চট্টগ্রামে বসবাসরত চন্দনাইশের অধিবাসীদের মতবিনিময় সভায়ও বক্তব্য দেন মন্জুর আলম। মন্জুরের সমর্থনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী খলিফাপট্টি, কোরবানীগঞ্জ, পাথরঘাটা, ইকবাল রোড এলাকায় আটটি পথসভা করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের জায়গা দখলসহ ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে মন্জুর আলমকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া একজন সৎ, যোগ্য ও নির্লোভ মানুষ মন্জুর আলমকে মেয়র পদে সমর্থন দিয়েছেন।মন্জুরের পক্ষে কাট্টলী এলাকায় গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গা ও বন্দরের সল্টগোলা ক্রসিং, লোহার পুল, ধুপিনির পুল, ঈশান মিস্ত্রির হাট, সীম্যান হোস্টেলসহ আশপাশের এলাকায় মন্জুর আলমের পক্ষে গণসংযোগ করেন।