সিটি করপোরেশনকে রক্ষা করতে চান ফিরোজ

বজলুর রশীদ ফিরোজ বাসদ-সিপিবি ও বাম প্রগতিশীলদের সমর্থিত মেয়র প্রার্থী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে টেবিল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আশীষ-উর-রহমান
প্রশ্ন: কেন মেয়র হতে চান?
উত্তর: সিটি করপোরেশনকে নাগরিকদের সেবা প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠার সংস্থা মনে করি। জনগণ প্রত্যক্ষ-পরোক্ষ কর দেবে অথচ যথাযথ সেবা পাবে না, তা হতে পারে না? দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, আইন প্রয়োগের অভাব, সমন্বয়হীনতা, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নে গতিহীনতা, ভুলনীতি—এসব কারণে জনগণের ভোগান্তি দিন দিন বেড়েছে। এ অব্যবস্থা থেকে সিটি করপোরেশনকে রক্ষা করার জন্যই মেয়র পদে দাঁড়িয়েছি।
প্রশ্ন: নাগরিক আস্থা অর্জন করার মতো জনসেবার ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য কি আপনার আছে?
উত্তর: ছাত্রজীবনে ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) সদস্য ছিলাম। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ছিলাম। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষাসহ জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন করেছি। ওসমানী উদ্যানসহ ঢাকার পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা, পানি-সংকট নিয়ে আন্দোলন করা, পুনর্বাসন ছাড়া হকার ও বস্তিবাসীদের উচ্ছেদবিরোধী আন্দোলন করেছি। ব্যবসায়ী হিসেবে নয়, প্রচুর টাকার মালিক হিসেবে নয়, সাধারণ মানুষের স্বার্থে আন্দোলনকারী হিসেবে মানুষের পাশে থাকার আরও অনেক দৃষ্টান্ত আমার আছে।
প্রশ্ন: অগ্রাধিকারের শীর্ষে থাকবে এমন তিনটি বিষয় কী?
উত্তর: ক. দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক সিটি করপোরেশন। খ. বর্জ্য অপসারণ ও জলাবদ্ধতা দূরীকরণ। গ. পর্যাপ্ত যাত্রীছাউনি, পাবলিক টয়লেট।
প্রশ্ন: রাজনৈতিক বিশ্বাস ও দলীয় শৃঙ্খলার প্রশ্নে যদি মেয়রকে বিপরীতমুখী পদক্ষেপ নিতে হয়, তখন কী করবেন?
উত্তর: সিটি করপোরেশনকে অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা আমার লক্ষ্য। নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেই এটা করার চেষ্টা করব। নীতি বিসর্জন দিয়ে কোনো কাজ করার চেয়ে পদ ছেড়ে দেওয়াই উচিত বলে মনে করি।
প্রশ্ন: আপনার দল আপনার কাছে কী প্রত্যাশা করে?
উত্তর: সর্বোত্তম কাজ। মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা আমার দলের লক্ষ্য। দল প্রত্যাশা করে স্বচ্ছ, জবাবদিহিমূলকভাবে নাগরিক স্বার্থ যেন রক্ষা করতে পারি।