সিটি করপোরেশনকে ১১৬ কোটি টাকা দিচ্ছে বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিনের বিবাদ নিরসন হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনকে ১১৬ কোটি টাকা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে পাওয়া টাকায় সিটি করপোরেশন নগরের নালা-নর্দমা সম্প্রসারণসহ উন্নয়নকাজ করবে বলে জানা গেছে।বন্দর সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন দীর্ঘদিন ধরে বন্দরের কাছ থেকে বকেয়া গৃহকর বাবদ ৩৫০ কোটি টাকা দাবি করে আসছিল। কিন্তু বন্দর কর্তৃপক্ষ সিটি করপোরেশনের এই দাবিতে আপত্তি দিয়ে আসছিল। সর্বশেষ গত ৩০ অক্টোবর বন্দর উপদেষ্টা কমিটির সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। তিনি বন্দরের কাছ থেকে ৩৫০ কোটি টাকা পাওনার কথা তুলে ধরে নগরের উন্নয়নকাজ অব্যাহত রাখতে বকেয়া টাকা পরিশোধ করার অনুরোধ জানান। এর পরই উপদেষ্টা কমিটিতে আলাপ-আলোচনার মাধ্যমে বকেয়া টাকা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত নেওয়ার পরই বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মেয়র মন্জুর আলমের সঙ্গে বৈঠকে বসেন। দুই পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বন্দর কর্তৃপক্ষ একসঙ্গে ১১৬ কোটি টাকা দেবে সিটি করপোরেশনকে। এরপর প্রতিবছর সাড়ে ৩৯ কোটি টাকা পরিশোধ করবে বন্দর কর্তৃপক্ষ। আগামী পাঁচ বছর নতুন কোনো স্থাপনা না হলে এই হারে টাকা পরিশোধ করবে বন্দর কর্তৃপক্ষ।জানতে চাইলে মন্জুর আলম প্রথম আলোকে বলেন, বন্দর থেকে পাওয়া টাকা নগরের নালা-নর্দমা সম্প্রসারণ, পানি নিষ্কাশনের নালা তৈরিসহ নগরের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বকেয়া টাকা নিয়ে বন্দরের সঙ্গে এখন আর বিরোধ থাকবে না।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কাল অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা সিটি করপোরেশনের হাতে তুলে দেওয়া হবে।