সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ
ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে প্রক্রিয়াধীন গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলার সদর উপজেলার ছয় গ্রামের বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শিমুলতলীতে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।বিকেল তিনটার দিকে সদর উপজেলার চতর, ভানুয়া, চাপুলিয়াসহ ছয় গ্রামের বাসিন্দারা শিমুলতলী এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা প্রতিবাদ-সমাবেশের আয়োজন করেন।সমাবেশে প্রক্রিয়াধীন গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে গঠিত সংগ্রাম কমিটির আহ্বায়ক সফুর উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ প্রমুখ। সাংসদ আ ক ম মোজাম্মেল হক গ্রামবাসীর দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, সদর উপজেলার ক্যান্টনমেন্টের নিয়ন্ত্রণাধীন মৌজাগুলোকে গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির কাজ চলছে। এসব এলাকার ভোটারদের প্রস্তাবিত সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার জন্য গাজীপুর জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।