সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম
সেলিনা হায়াৎ আইভীর জন্ম নারায়ণগঞ্জ শহরে ১৯৬৬ সালে। সোভিয়েত ইউনিয়নের ওদেসা পিরাগোভ মেডিকেল ইনস্টিটিউট থেকে ১৯৯২ সালে মাস্টার্স অব মেডিসিন ডিগ্রি অর্জনের পর দেশে ফেরেন। ২০০৩ সালে তিনি নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন। গত ১২ অক্টোবর তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে।

প্রথম আলো: একটি সিটি করপোরেশনের মেয়র হিসেবে স্থানীয় সরকারব্যবস্থায় আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে একটু বলুন।
সেলিনা হায়াৎ আইভী: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে উন্নীত হওয়ার আগে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগও আমার হয়েছে। সব মিলিয়ে সাত-আট বছরের অভিজ্ঞতার কথা বলতে গেলে তো অনেক কথাই এসে যায়। কিন্তু এই স্বল্প পরিসরে সে অবকাশ তো কম। একটা কথা আমার মনে হয় যে স্থানীয় সরকারব্যবস্থা থেকে সাধারণভাবে যে রকম সেবা প্রত্যাশা করা হয়, আমি আমার নগরকে যেভাবে সাজাতে চাই বা নগরবাসী যেমনটি স্বপ্ন দেখে, সে রকম অবস্থায় পৌঁছাতে না পারলেও আমরা কিন্তু বিগত বছরগুলোতে অনেক এগিয়েছি। ক্রমেই নাগরিকদের সচেতনতা বেড়েছে, আমাদেরও জবাবদিহি বেড়েছে। তবে এখনো আমাদের সমস্যা ও সীমাবদ্ধতা প্রচুর।
প্রথম আলো: কী রকম সীমাবদ্ধতা?
সেলিনা হায়াৎ আইভী: প্রধান সীমাবদ্ধতা হলো ক্ষমতার সীমাবদ্ধতা। স্থানীয় সরকারের ক্ষমতা খুবই সীমিত। সে কারণে আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগও অনেক কম। দু-একটা উদাহরণ উল্লেখ করলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। মনে করুন, নগরবাসীর বহু দিনের দাবি বড়সড় একটা মিলনায়তনের। আমি যদি এ ধরনের বড় বাজেটের কোনো স্থাপনা নির্মাণ করতে চাই, পারব না, যতক্ষণ পর্যন্ত না মন্ত্রণালয় আমাকে অনুমোদন দিচ্ছে। যা কিছুই করতে যাই, মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হবে। স্থানীয় সরকার বিষয়ে আইনকানুনগুলোতে অনেক ভালো ভালো কথা আছে। কিন্তু শেষে একটা শর্ত জুড়ে দেওয়া আছে, যার বক্তব্য হচ্ছে, আপনি যে কাজই করতে যান না কেন, পূর্বানুমোদনক্রমে করতে হবে। এমনকি সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে কিছু নির্মাণ করতে গেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। অর্থাৎ, কেন্দ্রের পূর্বানুমোদনের ওপরই নির্ভর করছে আমাদের সবকিছু। আর অনুমোদন পাওয়ার বিষয়টি মোটেও সহজ নয়। অনেক দৌড়ঝাঁপ করতে হয়, ঝক্কি-ঝামেলা পোহাতে হয়, অহেতুক দীর্ঘ কালক্ষেপণ ঘটে। এমনকি কোনো স্থাপনা নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অনুমোদন পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে।
প্রথম আলো: মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীলতার মূল কারণ কি অর্থায়ন?
সেলিনা হায়াৎ আইভী: না, সেটা বলা যাবে না। অর্থায়নই যে সবকিছু, সেটা কিন্তু নয়। নির্ভরশীলতার মূল কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হচ্ছে না বা করতে চাইছে না। মুখে বলা হচ্ছে যে বিকেন্দ্রীকরণ করা অত্যন্ত জরুরি, কিন্তু কার্যত কীভাবে সেটা করা হবে, আমার মনে হয় সেটা নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করা হচ্ছে না।
প্রথম আলো: তাহলে আপনি বলতে চাইছেন, স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হচ্ছে না?
সেলিনা হায়াৎ আইভী: পশ্চিমা দেশগুলোতে লোকাল গভর্নমেন্ট যেভাবে পরিচালিত হয়, আমাদের দেশে এখনো সেভাবে হচ্ছে না। কিন্তু আমাদের স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হচ্ছে না, এটা আমি বলব না। এটা সত্য যে, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে উঠতে পারেনি। কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে। গত এক দশকের চিত্রটা যদি খেয়াল করি, তাহলে দেখব, এখন কিন্তু পৌরসভাগুলোর নেতৃত্বে আগের মতো লোকজন কমে যাচ্ছে। এখন যাঁরা আসছেন, তাঁদের অনেকেই সুশিক্ষিত, তাঁদের মধ্যে নেতৃত্বের গুণাবলি আছে, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতা তাঁদের মধ্যে রয়েছে। তাঁদের নেতৃত্বে পৌরসভাগুলোর উন্নতি হচ্ছে, ধীরে ধীরে তাঁরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং দাঁড়াচ্ছেনও। এটা যে তাঁরা পারছেন তার আরেকটা কারণ হলো বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকা প্রভৃতি সংস্থা পৌরসভাগুলোতে কাজ করছে। তারা বিষয়টার ওপর জোর দিচ্ছে যে জনগণ কীভাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের পৌরসভাগুলোকে উন্নত করতে পারে, লাভবান হতে পারে। তাই আমার মনে হয়, বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার কার্যকারিতা বাড়ছে। তবে যতটা গতিশীলভাবে এগোনো দরকার ছিল, ততটা হচ্ছে না। ধীরে ধীরে এগোচ্ছে, তবে এগোচ্ছে।
প্রথম আলো: শুধু তো রাস্তাঘাট কিংবা ইমারত-জাতীয় স্থাপনা নয়, একটি নগর বা পৌর জনপদের জন্য পানি ও পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, ঘরবাড়ি, ব্যবসায়িক স্থাপনা ইত্যাদি নির্মাণেও শৃঙ্খলা-সুব্যবস্থাপনা প্রয়োজন। আপনার সিটি করপোরেশনে এসবের অবস্থা কী?
সেলিনা হায়াৎ আইভী: দেখুন, সুয়্যারেজ ও ড্রেনেজ সিস্টেমের সমন্বিত সুপরিকল্পনা কিন্তু বাংলাদেশের কোথাও নেই। ঢাকা শহরের অবস্থাও এদিক থেকে বেশ খারাপ। সবখানে নগরায়ণ ঘটছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। ব্যবস্থাপনার ক্ষেত্রেও চূড়ান্ত বিশৃঙ্খলা। হয়তো দেখা যাচ্ছে, এক জায়গায় জলাবদ্ধতা হলো, সেখান থেকে পানি সরানোর ব্যবস্থা করা হলো, কিন্তু আরেক জায়গায় জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। আমরা আমাদের সিটি করপোরেশনের মধ্যে এসব ক্ষেত্রে পরিকল্পনা ও ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা চালিয়ে আসছি সেই পৌরসভার আমল থেকেই। যখন ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের নগরায়ণ পরিকল্পনার কর্তৃপক্ষ ছিল রাজউক, তখনই আমরা দায়িত্বটা পৌরসভার এখতিয়ারে নিয়ে আসি। আমরা বলি, আমাদের নগরের পরিকল্পনা আমরাই করব। সেভাবে আমরা নারায়ণগঞ্জ পৌরসভার জন্য কিছু পরিকল্পনা ও নিয়মকানুন তৈরি করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিই। আমরা প্রথম প্রথম দেখলাম, লোকজন ঘরবাড়ি দোকানপাট নির্মাণের সময় আমাদের নিয়মকানুনগুলো মানার চেষ্টা করেছে। শতভাগ না হলেও ৬০-৭০ শতাংশই নিয়ম মেনে ঘরবাড়ি তৈরি করেছে। কিন্তু গত কয়েক বছরে বাণিজ্যিক গৃহনির্মাণ কোম্পানিগুলো ব্যাপকভাবে এসে যেভাবে আমাদের নিয়মকানুন লঙ্ঘন করে ইমারত নির্মাণ করছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তারা ঠিকই আমাদের নকশা দেখিয়ে অনুমোদন নিয়ে যাচ্ছে, কিন্তু নির্মাণের সময় সেই নকশা অনুসরণ করছে না।
প্রথম আলো: আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন?
সেলিনা হায়াৎ আইভী: নিয়ন্ত্রণ করতে হলে যে লোকবল দরকার, তা আমাদের নেই। পুরো সিটি করপোরেশনে আমাদের নগর পরিকল্পনাবিদ আছেন মাত্র একজন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একজনও নেই, আর্কিটেক্ট নেই, মনিটর করার লোক নেই। রাজউকেরও কিন্তু এসব লোকবল খুবই কম। তারা ঢাকাতেই সামাল দিতে পারে না; নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরে এসে কীভাবে এসব সামাল দেবে? লোকবলের এই ভীষণ ঘাটতির পাশাপাশি আইনের দুর্বলতার ফলেও এসব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মনে করুন, আইন ভঙ্গ করে একটা মানুষ ১০ তলা ইমারত তৈরি করে ফেলল। আইনে তার শাস্তি কী? মাত্র ৫০ হাজার টাকা জরিমানা। বিল্ডিং কোড ভেঙে ১০ তলা ভবন বানিয়ে মাত্র ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে যদি সেটাকে বৈধ করে নেওয়া যায়, তাহলে সবাই তো জরিমানা দিতেই আগ্রহী হবে। তা ছাড়া আইন প্রয়োগেও অনেক সমস্যা। আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই, আমাদের জেলা প্রশাসকের কাছে চিঠি লিখতে হয়, পুলিশ চাইতে হয়। প্রশাসনে তিনটা অংশের সমন্বয়ের অভাবে মানুষ এভাবে অনিয়মকে নিয়মে পরিণত করার সুযোগ পাচ্ছে।
প্রথম আলো: বাংলাদেশে আপনিই একমাত্র নারী, যিনি একটি সিটি করপোরেশনের মেয়র। পৌরসভার মেয়রদের মধ্যেও নারীর সংখ্যা হাতে গোনা, দুই বা তিনজন। এদিক থেকে আপনার অর্জনকে অবশ্যই বিরল বলা যায়। কিন্তু শুধু নারী বলেই বৈষম্য, বঞ্চনা কিংবা বিরূপ আচরণের শিকার হওয়ার কোনো অভিজ্ঞতা আপনার আছে কি না?
সেলিনা হায়াৎ আইভী: আমি যখন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করি, তখন এ ধরনের কিছু অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। যেমন কাউন্সিলররাই আমার কর্তৃত্ব মেনে নিতে চাইতেন না। এমনকি পৌরসভার কর্মচারীদের মধ্যেও আমার প্রতি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আমি টের পেতাম। যেমন আমি একটু জোরে কথা বললেই বিরূপ প্রতিক্রিয়া হতো, বলা হতো আমি বদমেজাজি। অথচ কোনো পুরুষ মেয়র ওই একই সুরে কথা বললে হয়তো এমন কথা কেউ বলত না। নারায়ণগঞ্জে আমাকে নিয়ে একটা প্রচার আছে যে এই মহিলা বদমেজাজি, একরোখা। পুরুষদের ক্ষেত্রে এ রকম ঘটে বলে আমার মনে হয় না। এ ধরনের ছোটখাটো বিষয় আছে, যেগুলোকে আমি বাধা বলে গণ্য করি না। কারণ, আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে এ রকমই স্বাভাবিক। এখানে নারীদের দুর্বল ভাবা হয়, প্রতিপক্ষ মনে করে, নারীকে মানসিকভাবে ঘাবড়ে দেওয়া সহজ, তাই ঝামেলা পাকানোর চেষ্টা করে, ব্যক্তিগত চরিত্রের ওপর আঘাত হানতে চায়। এগুলো থাকে। কিন্তু আমি এগুলো গ্রাহ্য করি না।
প্রথম আলো: আপনি বলেছেন, স্থানীয় সরকারব্যবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে ধীরগতিতে। দ্রুত উন্নতি সাধনের জন্য কী কী করা দরকার?
সেলিনা হায়াৎ আইভী: প্রথমত, স্থানীয় সরকারব্যবস্থার বিভিন্ন স্তরে, বিশেষত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে দক্ষ কর্মকর্তার প্রচণ্ড অভাব। এই অভাব দূর করতে হবে, নইলে গতিশীলতা বাড়ানো যাবে না। যে লোকবল আছে, তার সামর্থ্য ও দক্ষতা বাড়াতে হবে। সে জন্য ক্যাপাসিটি বিল্ডিংয়ের প্রশিক্ষণ দরকার নিয়মিতভাবে এবং ব্যাপকভাবে। দক্ষ ও সামর্থ্যবান লোকবলের কোনো বিকল্প হয় না। দ্বিতীয়ত, অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি। তিন নম্বর সমস্যা অত্যন্ত জটিল: পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, ওয়াসা, ডেসা, টিঅ্যান্ডটি, তিতাস—এসব কর্তৃপক্ষের কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। এগুলোর সমন্বয় খুব প্রয়োজন। নারায়ণগঞ্জকে এখন বলা হচ্ছে রিকশার নগর, রাস্তাঘাটে ট্রাফিক-ব্যবস্থা দুর্বিষহ। দোষ কার? সিটি করপোরেশনের। কিন্তু ট্রাফিক-ব্যবস্থা নিয়ন্ত্রণ করে পুলিশ। আমরা রাস্তা তৈরি করি, ওয়াসার লোকেরা এসে সেই রাস্তা খুঁড়ে তাদের পানির লাইনে কাজ করে চলে যায়। অন্য সংস্থাগুলোর ক্ষেত্রেও এ রকম বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতার দৃষ্টান্ত প্রচুর। এটার সমাধান করতে হবে। সবশেষে বলব, সিটি করপোরেশনকে সত্যিকার অর্থেই আদর্শ রূপ দিতে হলে দরকার সিটি গভর্ন্যান্স। নগর সরকারই সবকিছুর সমন্বয়ক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে।
প্রথম আলো: আপনাকে অনেক ধন্যবাদ।
সেলিনা হায়াৎ আইভী: আপনাকেও ধন্যবাদ।