সিটি করপোরেশনের চার প্রকৌশলীসহ বরখাস্ত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাটালি হিল এলাকায় পাহাড় ও দেয়ালধসের ঘটনায় সিটি করপোরেশনের চারজন প্রকৌশলীসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্মাণকাজ চলাকালে কর্তব্য পালনে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনে গতকাল শনিবার সকাল থেকে তিন ঘণ্টা বৈঠক শেষে পাঁচজনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁরা হলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোখতার আলম, নির্বাহী প্রকৌশলী আবু সালেহ, সহকারী প্রকৌশলী রফিক উদ্দিন সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী এজাজুল হায়দার ও তদারককারী শহীদুল ইসলাম। জানা গেছে, গতকাল বৈঠকে দেয়ালধসের ঘটনা তদন্তে সিটি করপোরেশন পূর্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেনকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হাসনাত, নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি নিয়াম মোহাম্মদ খান, দুর্যোগ ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মাহবুবুল আলম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট কাজী মো. আবদুর রহমান ও মেয়রের ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।বৈঠকে সিটি করপোরেশনের কর্মকর্তারা প্রাথমিক মতামতে জানান, দেয়ালের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ধসের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। গত শুক্রবার বাটালি হিলে পাহাড়-দেয়ালধসে ১৭ জনের মৃত্যু হয়।বৈঠক সূত্রে জানা গেছে, কয়েকজন কর্মকর্তা প্রতিরক্ষা দেয়ালধসের জন্য ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কিন্তু ঠিকাদারেরা তাঁদের কাজ শেষে বিলের পুরো টাকা এবং জামানতের টাকা উঠিয়ে নিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম পাঁচজনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাটালি হিলে দেয়ালধসের পর চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বিভিন্ন পাহাড়ের ঢাল থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।