সিটি করপোরেশনের জমিতে বিকেএমইএর প্রাচীর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় খাজা সুপার মার্কেটের পূর্ব পাশে সিটি করপোরেশনের জমি দখলের অভিযোগ উঠেছে। ২০ কোটি টাকা মূল্যের ৯ দশমিক ৩২ শতাংশ জমি বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান (বিকেএমইএ) প্রাচীর নির্মাণ করে দখলে নিয়েছে বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, চাষাঢ়ায় খাজা সুপার মার্কেটের পূর্ব পাশে নবাব সলিমুল্লাহ রোডে বিকেএমইএর প্রধান কার্যালয়ের ভবন নির্মাণের জন্য মঞ্জুরুল হক সভাপতি থাকাকালে বিকেএমইএর তহবিল থেকে ১৫ দশমিক ৬২ শতাংশ জমি কেনেন। জমিতে ঢোকার কোনো নিজস্ব রাস্তা না থাকায় মালিক জমিটি বিকেএমইএর কাছে বিক্রি করেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেলিম ওসমান বিকেএমইএর সভাপতি হন। বিকেএমইএর ১৫ দশমিক ৬২ শতাংশ জমির সামনের ৯ দশমিক ৩২ শতাংশ জমির মালিকানা নিয়ে রাজউক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। মূল রাস্তা থেকে সিটি করপোরেশনের জমির ওপর দিয়ে বিকেএমইএর জমিতে যেতে হয়। ২০১২ সালে বিকেএমইএ সিটি করপোরেশনের দখলে থাকা ওই বিরোধপূর্ণ জমিতে প্রাচীর নির্মাণ করে।
সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিকেএমইএর নিজস্ব জমি ও বিরোধপূর্ণ ৯ দশমিক ৩২ শতাংশ জমিসহ মোট ২৫ শতাংশ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফুটপাতের কয়েকজন দোকানদার জানান, বিকেএমইএর নিরাপত্তা প্রহরীরা জমিটি পাহারা দেন। ফটকের তালার চাবিও তাঁদের কাছেই থাকে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, রেকর্ড অনুযায়ী জমিটির মালিক নারায়ণগঞ্জ পৌরসভা (বিলুপ্ত)।
পাকিস্তান আমলের আইয়ুব খান ক্ষমতায় থাকাকালে রাজউক জনস্বার্থে ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ পৌরসভার বেশ কিছু জমি অধিগ্রহণ করেছিল। অধিগ্রহণকৃত জমির কিছু অংশে রাজউক ডিআইটি মার্কেট নির্মাণ করে। বাকি জমি অব্যবহূত পড়ে থাকে। এরশাদের শাসনামলে রাউজক ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে তাদের পাকিস্তান আমলে অধিগ্রহণকৃত অব্যবহূত জমি ফিরিয়ে দিলেও নির্দেশনা থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ পৌরসভা তাদের জমি বুঝে পায়নি।
২০০৭ সালে রাজউক এসব জমি প্লট আকারে বিক্রির জন্য দরপত্র দেয়। জনস্বার্থে ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ পৌরসভার কাছ থেকে অধিগ্রহণকৃত জমি বাণিজ্যিক প্লট হিসেবে বিক্রির সিদ্ধান্তের বিরুদ্ধে এবং মালিকানা দাবি করে হাইকোর্টে মামলা করে পৌরসভা। মামলা করায় রাজউক জমিটি বিক্রি করতে পারেনি।
এর পর থেকেই জমিটি নারায়ণগঞ্জ পৌরসভার (বিলুপ্ত) দখলে রয়েছে। ২০১০ সালে বিকেএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন এক বছরের জন্য জমিটি বিকেএমইএকে ভাড়া দেয়। ২০১২ সালে সেলিম ওসমান বিকেএমইএর নামে মূল্যবান জমিটি দখলে নেওয়ার জন্য অবৈধভাবে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। জমিটি সেলিম ওসমানের অবৈধ দখল থেকে মুক্ত করার জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
সেলিম ওসমান প্রথম আলোকে বলেন, ওই ৯ দশমিক ৩২ শতাংশ জমির মালিক সিটি করপোরেশন নয়, রাজউক। বাজারমূল্যে ওই জমিটি কেনার জন্য রাজউকের কাছে আবেদন করেছে বিকেএমইএ। তবে এখনো এটি তারা বিকেএমইএর কাছে বিক্রি করেনি।