সিটি করপোরেশনের মার্কেটে অবৈধ স্থাপনা, কর্তৃপক্ষ জানে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের মালিকানাধীন নিউ মার্কেটের দোতলায় অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হচ্ছে। অথচ এ নির্মাণকাজের ব্যাপারে সিটি করপোরেশন কিছুই জানে না।বছর দেড়েক আগেও মার্কেটের পশ্চিম পাশে দোতলার একই স্থানে অনুমোদনহীন স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়। তখন ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন নির্মাণকাজ বন্ধ করে দেয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেট নির্মাণের সময় মার্কেটের পশ্চিম পাশের দোতলায় দোকানঘর নির্মাণ ঝুঁকিপূর্ণ হবে বিবেচনা করে ওই জায়গা ফাঁকা রাখা হয়। নিউ মার্কেটের সৌন্দর্য এবং পাশের মসজিদের পরিবেশের কথা চিন্তা করে ওই স্থানে দোকানঘর নির্মাণ বন্ধের জন্য ব্যবসায়ীরা মেয়রের কাছে ২০১১ সালের আগস্টে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় খবর ছাপা হলে সে সময় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চার-পাঁচজন শ্রমিক নিউ মার্কেটের দোতলার পশ্চিম পাশে পাকা স্থাপনা তৈরির কাজ করছেন। কে এই কাজ করাচ্ছেন জানতে চাইলে শ্রমিকেরা বলেন, তাঁরা মালিকের নাম জানেন না। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম এ কাজ করাচ্ছেন। এ ব্যাপারে রবিউল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে বছর দেড়েক আগে একই স্থানে দোকানঘর নির্মাণকাজ চলার সময় জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেছিলেন, নিউ মার্কেট কাঁচা বাজার উচ্ছেদের সময় যেসব ব্যবসায়ীকে পুনর্বাসন করা হয়নি, তাঁরাই সেখানে দোকানঘর নির্মাণ করছেন। তিনি আরও বলেন ‘আমরা কাউকে রুটি-রুজি থেকে বঞ্চিত করতে চাইনি।’জানতে চাইলে সিটি করপোরেশনের সচিব আবদুস সালাম জানান, নিউ মার্কেটের দোতলায় দোকান নির্মাণের ব্যাপারে কেউ তাঁদের কাছ থেকে অনুমতি নেয়নি। বিষয়টি তাঁর নজরেও আসেনি।রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অথরাইজ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিয়ম অনুযায়ী আরডিএ থেকে নকশা অনুমোদন করেই স্থাপনা তৈরি করার কথা। কিন্তু নিউ মার্কেটের দোতলায় স্থাপনা নির্মাণের ব্যাপারে তাঁরা কিছুই জানেন না।