সিটি করপোরেশনের সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দফা বিজ্ঞপ্তি দেওয়ার পরও বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কবাতির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে গঠিত স্পেশাল টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে গত বুধবার ভোরে এ ব্যবস্থা নেয় ডিপিডিসি।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া স্থাপনাগুলো হলো আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩–এর কার্যালয়, লালবাগ কমিউনিটি সেন্টার, আজিমপুর কমিউনিটি সেন্টার ও আজিমপুর মিনি কমিউনিটি সেন্টার। এ ছাড়া কাঁটাবন থেকে নীলক্ষেত, নীলক্ষেত থেকে পলাশী, পলাশী থেকে আজিমপুর, আজিমপুর থেকে নিউমার্কেট, নিউমার্কেট থেকে ইডেন কলেজ পর্যন্ত সড়কবাতির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, শুধু আজিমপুর এলাকায় কাউন্সিলর অফিসসহ ২৩টি হিসাবের বিপরীতে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত ডিপিডিসির পাওনা অর্থের পরিমাণ প্রায় দুই কোটি টাকা। এ বিপুল পরিমাণ বকেয়ায় ডিপিডিসি রাজস্ব ক্ষতির শিকার হচ্ছে।
ডিপিডিসির সূত্রে জানা যায়, গত এক বছরে ডিপিডিসি স্পেশাল টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৪৫ বছরের বকেয়া, বিদ্যুৎ চুরির জরিমানাসহ অতিরিক্ত ৫০৩ কোটি টাকা এবং প্রায় ১ দশমিক ১৭ কোটি ইউনিট বিদ্যুৎ উদ্ঘাটিত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, গণপূর্ত বিভাগ, ঢাকা ওয়াসাসহ ৫৬০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।