সিটি করপোরেশনের হিসাব ও রাজস্ব ব্যবস্থাপনা ডিজিটালাইজড হবে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিটি করপোরেশনের রাজস্ব আদায়ে অব্যবস্থাপনা দূর করতে ডিজিটালাইজেশনই একমাত্র পথ। হিসাব ও রাজস্ব ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করা হলে ৭০ থেকে ৮০ শতাংশ অব্যবস্থাপনা ও দুর্নীতি কমিয়ে আনা যাবে।
গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে পরীক্ষামূলকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনের হিসাব ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় ব্যবস্থার সুফল সবাই ভোগ করবে। প্রচলিত ব্যবস্থায় সিটি করপোরেশন ও পৌরসভাগুলো প্রায় সিংহভাগ রাজস্ব আদায় করতে পারে না। স্বয়ংক্রিয়করণের ফলে একটি নির্দিষ্ট ডেটাবেইসের মাধ্যমে রাজস্ব দাতা ও রাজস্ব গ্রহীতা দুই পক্ষই স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আসবে।
প্রকল্প পরিচালক আবদুল খালেক বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব ও হিসাব ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে রাজস্ব আয় তিন গুণ বৃদ্ধি পাবে। সম্পূর্ণ ডিজিটালাইজড হওয়ার কারণে হিসাব ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ে পদ্ধতিগত বিচ্যুতি (সিস্টেম লস) তিন গুণ কমে যাবে। এতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব বেগম নাসরিন আক্তার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে স্থানীয় সরকার বিভাগের ‘আরবান পাবলিক এনভায়রনমেন্ট হেলথ সেক্টর প্রোগ্রাম’ শীর্ষক প্রজেক্টের আওতায় পরীক্ষামূলকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনে এ ব্যবস্থা চালু হলো। প্রাথমিকভাবে দেশের সাত সিটি করপোরেশন এ ব্যবস্থার আওতায় আসবে। বিজ্ঞপ্তি।