সিটি করপোরেশনের ১০ কলেজে চারজনের বেশি জিপিএ-৫ পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় সিটি করপোরেশনের ১২ কলেজের মধ্যে ১০টিতে চারজনের বেশি কেউ জিপিএ-৫ পাননি। একটি কলেজে কেউই জিপিএ-৫ পাননি। বাকি একটিতে জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন। সব মিলিয়ে করপোরেশন পরিচালিত কলেজগুলো থেকে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩৬ জন। গত বছর পেয়েছিলেন ৫৭ জন। নিম্নমুখী এ ফলাফলের কারণ হিসেবে করপোরেশনের শিক্ষা বিভাগ থেকে চট্টগ্রাম বোর্ডের সামগ্রিক ফলাফল বিপর্যয়ের প্রভাব বলেই বিবেচনা করা হচ্ছে। কিন্তু করপোরেশনে বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কলেজে পড়াশোনার নিম্নমান এবং স্থানীয় কাউন্সিলরদের অযাচিত হস্তক্ষেপের কারণে শুধু এবার নয়, এর আগের বছরগুলোতেও ফলাফল খারাপ হয়েছে। করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের ১২ কলেজের মধ্যে তিনটি নতুন কলেজে এ বছরই প্রথম এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এগুলো হচ্ছে পাঁচলাইশ এস এম নাসির উদ্দিন সিটি করপোরেশন মহিলা কলেজ, দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ এবং কায়সার-নিলুফার কলেজ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ১০টি কলেজের মধ্যে এ বছর কুলগাঁও সিটি করপোরেশন কলেজের ৪৮১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র চারজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া জরিনা-মফজল কলেজের ২৬৬ জনের মধ্যে তিনজন, পতেঙ্গা সিটি করপোরেশন কলেজের ২১৭ জন, দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের ১৭১ জন এবং কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি করপোরেশন কলেজের ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে দুজন করে জিপিএ-৫ পেয়েছেন। সরাইপাড়া সিটি করপোরেশন কলেজের ২০৯ জন, কায়সার-নিলুফার কলেজের ১৮৭ জন, প্রিমিয়ার কলেজের ১৮২ জন, পোস্তারপাড় আসমা খাতুন সিটি করপোরেশন কলেজের ১৭১ জন এবং পাঁচলাইশ এস এম নাসির উদ্দিন সিটি করপোরেশন মহিলা কলেজের ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে একজন করে জিপিএ-৫ পেয়েছেন। এর বাইরে কার্পাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের ৪৩৬ জনের মধ্যে ১৮ জন জিপিএ-৫ পেয়েছেন। কিন্তু আয়ুব বিবি সিটি করপোরেশন কলেজের ১৪১ জনের কেউই জিপিএ-৫ পাননি। গত বছরের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, গতবারও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে করপোরেশনের কলেজগুলো ভালো অবস্থানে ছিল না। কিন্তু গতবারের তুলনায় ফলাফল আরও খারাপ হয়েছে এবার। কার্পাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ থেকে গত বছর জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন, প্রিমিয়ার কলেজ থেকে ছয়জন, সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ থেকে পাঁচজন, কুলগাঁও সিটি করপোরেশন কলেজ থেকে ১৩ জন এবং জরিনা-মফজল থেকে পাঁচজন। ফলাফল বিপর্যয় প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে করপোরেশনের একটি কলেজের শিক্ষক বলেন, ‘আমরা প্রতিবছর টেস্ট পরীক্ষার পর থেকে স্থানীয় কাউন্সিলরদের অযাচিত হস্তক্ষেপের মুখে পড়ি। তাঁরা পাস না করা অনেক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে বাধ্য করেন। এ সমস্যার সঙ্গে এ বছর সৃজনশীল পদ্ধতি যোগ হওয়ায় সার্বিক ফলাফলের আরও অবনতি ঘটেছে।’অভিভাবক হাসিব হোসেন অভিযোগ করেন, সিটি করপোরেশনের বেশির ভাগ কলেজেই এখন পড়াশোনার মান নিম্নগামী। শিক্ষকেরা নিজেদের বিভিন্ন সুযোগ-সুবিধা কোচিং নিয়ে ব্যস্ত থাকেন। ছাত্রদের ব্যাপারে অতটা মনোযোগী নন।অভিযোগের জবাবে করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বোর্ডের সামগ্রিক ফলাফলের প্রভাবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। ফলাফলের মান উন্নয়নে আমরা মডেল টেস্টের ওপর গুরুত্ব দিচ্ছি।’