সিটি করপোরেশনের ১৫০ বছর পূর্তি উৎসব উদ্বোধন
চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন দিনব্যাপী ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান গতকাল শুক্রবার শুরু হয়েছে। শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। শোভাযাত্রাটি আউটার স্টেডিয়াম থেকে শুরু হয়ে লালখান বাজার ইস্পাহানি মোড়, ওয়াসা মোড় ঘুরে দামপাড়া এম এম আলী রোড হয়ে পুনরায় আউটার স্টেডিয়ামে এসে শেষ হয়।অনুষ্ঠানসূচির মধ্যে আজ শনিবার সকালে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত থাকবেন।১৮৬৩ সালের ২২ জুন তৎকালীন মিউনিসিপ্যাল কমিটি নামে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে মিউনিসিপ্যালটি থেকে পৌরসভা এবং ১৯৮২ সালে মিউনিসিপ্যাল করপোরেশনে উন্নীত হয়। ১৯৯০ সালে তা চট্টগ্রাম সিটি করপোরেশন নামে প্রতিষ্ঠা লাভ করে।