সিটি করপোরেশনের 'পণ্ডশ্রম' নতুন ফরমে তথ্য নিচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১১ মাস আগে ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ। অর্ধেক কাজ শেষও হয়েছিল। কিন্তু সেই তথ্য কোনো কাজে আসছে না বলে দাবি মহানগর পুলিশের। তাই তারা আবার নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করছে।

সিটি করপোরেশন বলছে, তারা পরিশ্রম করে ভাড়াটেদের তথ্য সংগ্রহের কাজে হাত দিয়েছিল। কিন্তু নগরবাসীর ‘অসহযোগিতার’ কারণে পুরোপুরি কাজ শেষ করতে পারেনি। এ অবস্থায় গত ২৫ জুলাই কার্যক্রম শেষ করে সেদিন পর্যন্ত প্রাপ্ত তথ্য পুলিশের কাছে জমা দেওয়া হয়। কিন্তু সিটি করপোরেশনের এই সংগৃহীত তথ্যে সবার পূর্ণাঙ্গ তথ্য নেই বলে দাবি করেছে পুলিশ।

মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, ‘তারা (সিটি করপোরেশন) যেভাবে তথ্য সংগ্রহ করেছিল, তাতে পূর্ণাঙ্গ তথ্য ছিল না। তাই আমরা নতুন করে নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ করছি।’

পুলিশের এই পদক্ষেপে সিটি করপোরেশনের পরিশ্রম পণ্ড হলো কি না—এমন প্রশ্নের জবাবে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযামুল আযীম বলেন, ‘এখন তো তা-ই মনে হচ্ছে। আমরা একজন মানুষের স্থায়ী ঠিকানা কী, বর্তমান ঠিকানা কী, কোথায় কাজ করছেন—এমন সব তথ্যই সংগ্রহ করেছিলাম। পুলিশ কর্তৃপক্ষ যদি মনে করে এই তথ্যে তাদের হচ্ছে না, তাহলে তারা নিজেদের মতো করে সংগ্রহ করুক, আমরা আর কী বলতে পারি?’

সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৫ সালের সেপ্টেম্বরে তারা তথ্য সংগ্রহের কাজ শুরু করে। এ জন্য সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীদের নিয়োজিত করা হয়। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটেদের তথ্য সংগ্রহ করেন। স্বাস্থ্যকর্মীদের মাসে দুই লাখ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। তথ্য সংগ্রহের পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য নগরের প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। এতেও বড় অঙ্কের টাকা খরচ হয়।

সূত্র জানায়, এত কিছুর পরও বাড়ির মালিক ও ভাড়াটেরা তথ্য দিতে অনীহা প্রকাশ করেন। তথ্য চাইতে গেলে তাঁরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বাজে ব্যবহার করেন। শেষ পর্যন্ত অনেক চেষ্টায় প্রতি ওয়ার্ড থেকে গড়ে ৫০০ থেকে ৬০০ বাড়ির তথ্য সংগ্রহ করা হয়। সব মিলিয়ে নগরের ৫০ থেকে ৬০ ভাগ তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেসব তথ্য ২৫ জুলাই পুলিশের কাছে জমা দেওয়া হয়।

শুরুতে তথ্য সরবরাহে অনীহা প্রকাশ করায় নগরবাসীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, সবাই যখন দেখল জঙ্গিদের ভাড়া দেওয়ার কারণে বাড়ির মালিকদেরও গ্রেপ্তার করা হচ্ছে, তখন সবাই সচেতন হলেন। এখন তাঁদের কষ্ট করে থানায় গিয়ে তথ্য দিয়ে আসতে হচ্ছে।

মহানগর পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশ সপ্তাহ দু-এক আগে নতুন করে সব ভাড়াটের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এ জন্য বাড়ির মালিকদের থানা থেকে নতুন একটি ফরম দেওয়া হচ্ছে। বাড়ির মালিকেরা সেই ফরম পূরণ করে থানায় এসে জমা দিয়ে যাচ্ছেন।

শাহ মখদুম থানার ওসি মো. আবদুর রউপ বলেন, ইতিমধ্যে প্রায় সব ফরম বিতরণ শেষ। এখন বাড়ির মালিকেরা ফরম পূরণ করে জমা দিচ্ছেন। প্রতিদিনই কিছু না কিছু ফরম আসছে। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বলেন, ‘সিটি করপোরেশনের তথ্য সংগ্রহের থেকে আমাদেরটা সম্পূর্ণ আলাদা। আমরা নিজেরাই ফরম দিচ্ছি, ফরম সংগ্রহ করছি।’

নতুন করে তথ্য সংগ্রহ করায় সিটি করপোরেশনের তথ্য কোনো কাজে আসবে কি না—এমন প্রশ্নে মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, সিটি করপোরেশনের কাজে দরকার লাগলে তারা তা ব্যবহার করতে পারে।

ইফতে খায়ের আলম জানান, নতুন কমিশনার আসার পর নগরের থানাগুলোকে বিভিন্ন বিটে ভাগ করে দেওয়া হয়েছে। বিটগুলোতে কর্মকর্তাদের দায়িত্বও বণ্টন করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ভাড়াটেদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।