ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের হাতে এক সহপাঠীর মৃত্যুর গুজবে ঢাকা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সিটি কলেজে হামলা চালান। এর প্রতিবাদে সিটি কলেজের শিক্ষার্থীরা মিরপুর সড়কের সায়েন্স ল্যাবরেটরির সামনে অবরোধ করে রাখে ও যানবাহন ভাঙচুর করে।এ ঘটনায় ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ আজ বুধবার থেকে শনিবার পর্যন্ত সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে—এমন গুজব গতকাল সকালে ঢাকা কলেজের ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ওই কলেজের একদল শিক্ষার্থী লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সিটি কলেজের প্রধান ফটকে অবস্থান নেয়। তারা কলেজ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছোড়ে। এ সময় কলেজের ছাত্ররা বেরিয়ে এলে ঢাকা কলেজের ছাত্ররা তাদের ওপর হামলা চালায়। এতে দুজন ছাত্র আহত হয়। একপর্যায়ে সিটি কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় নেমে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। আধঘণ্টা ধরে এ অবস্থা চলে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর ইটের টুকরো ছুড়ে মারে। এ সময় পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের কলেজে ঢুকিয়ে দেয়।উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা কলেজ ও সিটি কলেজ কর্তৃপক্ষ বৈঠক করেছে।পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আ স ম মাহতাবউদ্দিন জানান, ঘটনার পর দুই কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গত রোববার ধানমন্ডি ২ নম্বর সড়কের পপুলার হাসপাতালের সামনে সিটি কলেজের কয়েকজন ছাত্র ঢাকা কলেজের দুই ছাত্রকে মারধর করে। গতকাল তাদের একজনের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে এই ঘটনা ঘটে। তবে খোঁজ নিয়ে জানা যায়, তাদের কেউ মারা যায়নি।এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান বলেন, অনিবার্য কারণে আগামী শনিবার পর্যন্ত কলেজের সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।