সিটি গভর্নমেন্ট বাস্তবায়নে নগরবাসীর দোয়া চাইছেন মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী সিটি গভর্নমেন্ট বাস্তবায়নে নগরবাসীর দোয়া চাইছেন। গতকাল বুধবার গণসংযোগকালে তিনি এ দোয়া চান। মহিউদ্দিন চৌধুরী দুপুরে ষোলশহরের আলফালাহ গলি এলাকায় গণসংযোগ করেন। বিকেলে তিনি উত্তর আগ্রাবাদের মিস্ত্রিপাড়া, রঙ্গিপাড়া, মুহুরীপাড়া, পানওয়ালাপাড়া, মোল্লাপাড়া, মনসুরাবাদের ওয়াপদা কলোনি, ডিটি রোড, আগ্রাবাদ সিজিএস কলোনি ও টিঅ্যান্ডটি কলোনি এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে সিটি গভর্নমেন্ট বাস্তবায়নে তাঁদের দোয়া চান। মহিউদ্দিনের প্রতীক জাহাজ।আগের তিনবারের মেয়র মহিউদ্দিন নগরে শিক্ষা বিস্তারে জোর দেওয়ার কথাও জানান। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের অর্থায়নে নগরে অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি নাগরিককে সুশিক্ষিত করা হলে জাতি হিসেবে আমরা উন্নত হব। তাই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।’ নগরে গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, আসলে এই তিনটি জিনিস নাগরিক জীবনের মৌলিক চাহিদার অংশ। অথচ এই সংস্থাগুলো সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়। তাই সিটি গভর্নমেন্ট ব্যবস্থা বাস্তবায়ন করে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ সম্ভব হবে। ইতিমধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য করপোরেশন সরকারের কাছে আবেদন করেছে।মতবিনিময়: দুপুরে মহিউদ্দিন চৌধুরী নন্দনকাননে নাগরিক কমিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসলামকে গাড়িচাপা দিয়ে আহত করার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা বন্দুকযুদ্ধে নয়, ব্যালটযুদ্ধে অবতীর্ণ হয়েছি। একজন প্রার্থীকে এভাবে আহত করা উচিত হয়নি।’ তিনি ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে আহ্বান জানান। প্রসঙ্গত, গত মঙ্গলবার মোহাম্মদ আসলাম গাড়িচাপায় আহত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সকালে তাঁর গুডস হিলের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মহিউদ্দিন সম্পর্কে মন্তব্য করেন, ‘উনি চোখে দেখেন না, কানে শোনেন না, হাঁটতেও পারেন না। তিনি পুরোপুরি একজন প্রতিবন্ধী।’ এই মন্তব্যের জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘উনি কি ডাক্তার হিসেবে বলেছেন, নাকি রাজনৈতিক নেতা হিসেবে বলেছেন? আসলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক কথাই বলা যায়। তবে উনি কি পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, নাকি প্রতিহিংসার বশবর্তী হয়ে বলেছেন, তা আপনারা যাচাই করে দেখবেন।’ মহিউদ্দিন চৌধুরী বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেকগুলো খারাপ কাজের মধ্যে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি ছিল ভালো কাজ। তিনি বলেন, এবারের নির্বাচনে জাল ভোট দেওয়ার সুযোগ নেই।