খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা বলেছেন, নগরকে আধুনিকভাবে গড়ে তুলতে হলে ‘সিটি গভর্নমেন্ট’ নামে সিটি করপোরেশনের আওতায় একটি স্থানীয় প্রশাসন থাকা একান্ত প্রয়োজন। তাঁদের মতে, উন্নত নগর গড়ার জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত এই সিটি গভর্নমেন্টের বিকল্প নেই। ‘নগর উন্নয়ন ভাবনায় মেয়র প্রার্থী ও নাগরিক নেতাদের মুক্ত সংলাপ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা তুলে ধরেন ১৪ দল-সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ও জাতীয় পার্টি-সমর্থিত নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে টিআইবি অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা নাগরিক ফোরাম, সুজন ও রূপান্তর। সনাক, খুলনার সভাপতি অধ্যাপক জাফর ইমাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।