শীতলক্ষ্যা নদীর তীরে সিটি গ্রুপের অবৈধ স্থাপনা সরাতে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জানা যায়, ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিটি গ্রুপের অবৈধ স্থাপনা ২০ ফেব্রুয়ারির মধ্যে সরাতে নোটিশ দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বাদী হয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। নারায়ণগঞ্জের উত্তর রূপসী রূপগঞ্জে গ্রুপের সিটি ভেজিটেবল অয়েল মিলস লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লি. ও দীপা ফুডস লিমিটেডের অবৈধ স্থাপনা নদীর তীরে রয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ফিদা এম কামাল এবং সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্রাম হোসেন। এ সংক্রান্ত মূল রিটের আইনজীবী মনজিল মোরসেদও উপস্থিত ছিলেন।মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ জুন বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে সিএস রেকর্ড অনুযায়ী চার নদীর সীমানা নির্ধারণ করতে নির্দেশ দিয়েছিলেন।