সিটি নির্বাচন আরেকটি প্রহসন: জামায়াত
সিটি নির্বাচনকে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মতো আরেকটি ‘প্রহসন’ বলে উল্লেখ করেছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম খান আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
রফিকুল ইসলাম বলেন, শত শত কেন্দ্র থেকে জামাতসহ বিরোধী দলের প্রার্থীদের বের করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সরকার দলীয় প্রার্থীদের নির্দেশ পালনে ব্যস্ত ছিল।
বিবৃতিতে অভিযোগ করা হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে জামাত সমর্থিত প্রার্থীর ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা উত্তরের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফের ওপর সকাল ১০টায় সেনপাড়া পর্বত স্কুল কেন্দ্রে হামলা হয়েছে।
এ ছাড়া আরও বিভিন্ন জায়গায় এজেন্টদের বের করে দেওয়াসহ প্রার্থীদের ওপর হামলার অভিযোগ এনে রফিকুল ইসলাম এর তীব্র নিন্দা জানিয়েছেন।