সিটি নির্বাচন থেকে পরিবর্তনের রাজনীতির সূচনা হবে: সাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি

প্রশ্ন: কেন মেয়র হতে চান? 
উত্তর: দুই দশক ধরে বড় দুই দলের নির্বাচিত মেয়ররা এই নগরের বাস্তব সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করেননি। এ ছাড়া বড় দুই রাজনৈতিক দল সারা দেশে গুম-খুন-পেট্রলবোমার রাজনীতি চালিয়ে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। এ অবস্থায় দেশবাসী সেই রাজনৈতিক অচলাবস্থারও একটা পরিবর্তন চায়। আমরা মনে করি, সিটি করপোরেশন নির্বাচন থেকেই সেই পরিবর্তনের রাজনীতির সূচনা হতে পারে।
প্রশ্ন: নাগরিকদের আস্থা অর্জন করার মতো জনসেবার ক্ষেত্রে কোনো দৃশ্যমান সাফল্য আপনার আছে কি?
উত্তর: আমি একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। ঢাকা নগরসহ গোটা দেশের স্বার্থে গড়ে ওঠা প্রতিটি আন্দোলনে আমি সংগঠক ও নেতৃত্বের ভূমিকায় থেকেছি। ‘ওসমানী উদ্যানের ১১ হাজার বৃক্ষ রক্ষা আন্দোলন’-এ আমি একজন সংগঠক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানান প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে আমাদের সংগঠন নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে। আমাদের পাঠশালা নামে আমরা একটা বঞ্চিত শিশুদের বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।
প্রশ্ন: অগ্রাধিকারের শীর্ষে থাকবে এমন তিনটি বিষয়ের কথা বলুন।
উত্তর: প্রধানতম সমস্যা দুর্নীতি ও অব্যবস্থাপনা।
দ্বিতীয়ত যানজট, পরিবহনসংকট এবং অন্যান্য সেবার অভাবে নাগরিকদের মর্যাদাহীন ও অনিরাপদ জীবন। বিশেষ করে নারীরা এ পরিস্থিতির সবচেয়ে বড় শিকার।
তৃতীয়ত, ঢাকা নগরকে বানিয়ে ফেলা হয়েছে একটা দূষিত-আবর্জনাময় নগরে, ভেজাল খাবারের শহরে। এর পানি, বাতাস সবই আজ অস্বাস্থ্যকর।
প্রশ্ন: রাজনৈতিক বিশ্বাস এবং দলীয় শৃঙ্খলার প্রশ্নে মেয়রকে যদি বিপরীতমুখী পদক্ষেপ নিতে হয়, তাহলে কী করবেন?
উত্তর: আমাদের রাজনীতি আপ্তবাক্যের ওপর প্রতিষ্ঠিত নয়, আমরা একটা আদর্শের ভিত্তিতে চলি। ফলে রাজনৈতিক বিশ্বাস এবং দলীয় শৃঙ্খলার প্রশ্নে মেয়রকে কখনোই কোনো বিপরীতমুখী পদক্ষেপ নিতে হবে না।
প্রশ্ন: আপনার দল আপনার কাছে কী প্রত্যাশা করে?
উত্তর: দলীয় সিদ্ধান্তেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের দলের প্রত্যাশা, দুই দলের হানাহানির রাজনীতির বাইরে নতুন রাজনীতির সূচনা হিসেবে জনগণ আমাকে নির্বাচিত করবে এবং আমি জনসম্মতির মর্যাদা অক্ষুণ্ন রাখব।
সাক্ষাৎকার নিয়েছেন ইফতেখার মাহমুদ