সিটি নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘সিটি নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। ১৪ দল ও সরকার এ থেকে শিক্ষা নিয়ে এই গোষ্ঠীকে মোকাবিলা করতে না পারলে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। সরকারের এ সংকট মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।’

আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এসব কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘জাতীয় নির্বাচনের সংকট মোকাবিলায় ১৪ দলকে শক্তিশালী করতে হবে। শুধু বাকসর্বস্ব ১৪ দল করলে হবে না। জোটকে আরও শক্তিশালী করতে হবে।

সুরঞ্জিত বলেন, ‘ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী একত্র হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে এবং এর বিপরীতে ১৪ দল সরকারের পক্ষে প্রচার-প্রচারণা চালাতে ব্যর্থ হয়েছে। এ জন্য অপপ্রচারের বিভ্রান্ত জয়ী হয়েছে। এতে আমাদের সত্ ও যোগ্য প্রার্থী পরাজিত হয়েছেন।’

সুরঞ্জিত বলেন, সিটি নির্বাচনে ১৪ দল-সমর্থিত প্রার্থী পরাজিত হলেও একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। এটা একটা ইতিবাচক দিক। সরকার এতে কোনোরকম হস্তক্ষেপ করেনি। এটা গণতন্ত্রের বিজয়। তিনি বলেন, ১৪ দলের সমর্থিত প্রার্থীরা হারলেও তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁরা জনগণের রায় মেনে নিয়েছেন। কিন্তু বিরোধীদলীয় প্রার্থীরা হারলে জনগণের ঘাড়ে কয়েকটি হরতাল চেপে বসত।

সংগঠনের উপদেষ্টা হাজি সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, জাসদের সহসভাপতি মীর হোসেন আখতার, ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল হাসান প্রমুখ।