সিটি নির্বাচন নিয়ে বিদেশিদের বক্তব্যের ভুল উপস্থাপন হচ্ছে: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গওহর রিজভী
গওহর রিজভী

গণমাধ্যম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিদেশিদের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আজ শুক্রবার সকালে ময়মনসিংহের নান্দাইলে চলীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো সমালোচনা ছিল না। কিন্তু তাঁদের বিবৃতিকে ব্যবহার করে গণমাধ্যমে ভুল সংবাদ প্রকাশ করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘এটি আমাদের দেশের স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচন নিয়ে বিদেশিরা কী বলল সেটা কোনো বিষয় নয়। দেশবাসী এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট।’

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে গত সাত বছরে দেশের বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে, তা বিগত ৩৭ বছরেও হয়নি। দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য এই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে চলীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং শতবর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মো. আবদুর রাশিদ সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান, শরীফ আহমেদ, ফাহমী গোলন্দাজ বাবেল ও নান্দাইল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন প্রমুখ।