সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে সব চেষ্টাই থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান দুই রাজনৈতিক দল পরোক্ষভাবে অংশ নেওয়ায় চার সিটি করপোরেশনের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহামঞ্চদ আবু হাফিজ। তিনি বলেছেন, সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না দেওয়াই নির্বাচন কমিশনের (ইসি) বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সব চেষ্টাই থাকবে। গতকাল মঙ্গলবার সকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার। কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আবু হাফিজকে আসন্ন সিলেট সিটি নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। সভায় সিলেটের বিভাগীয় কমিশনার জিয়াউল আলম, সিলেট মহানগর পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও সিলেট সিটির রিটার্নিং কর্মকর্তা ও উপনির্বাচন কমিশনার এস এম এজহারুল হক মতবিনিময় সভায় বক্তব্য দেন। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। প্রধান দুই রাজনৈতিক দল পরোক্ষভাবে অংশ নেওয়ায় নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। শিগগিরই ঢাকা সিটিরও নির্বাচন হবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে বাধা ছিল। এখন সে বাধা নেই। তবে একটি ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতা আছে। এটি বাদ দিয়ে নির্বাচন করা যায় কি না, কিংবা আইনে বাধা আছে কি না, এসব পর্যালোচনা চলছে।