সিটি নির্বাচন সন্ত্রাস-সহিংসতামুক্ত রাখার দাবিতে মানববন্ধন
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সন্ত্রাস-সহিংসতা, কালো টাকা ও দলীয় প্রভাবমুক্ত রাখার দাবিতে আজ শনিবার মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণ (পেভ)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল চারটার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সুজন ও পেভের আয়োজনে মানববন্ধন হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা টিএসসি ঘুরে আবার জাদুঘরের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুজনের মিরপুর থানা কমিটির সাধারণ সম্পাদক শামীম আরা নীপার সঞ্চালনায় সমাবেশে বক্তারা সুষ্ঠু-অবাধ ও গ্রহণযোগ্য সিটি করপোরেশন নির্বাচনের দাবি জানান। তাঁরা নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
ইসির প্রতি বক্তারা যেকোনো প্রকার চাপ ও প্রভাবমুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার আহ্বান জানান। তাঁরা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচনকালীন যেকোনো ধরনের সন্ত্রাস-সহিংসতা প্রতিরোধে ইসিকে তার সাংবিধানিক অধিকার ও দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে যেকোনো শিথিলতা ইসির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে, যা জাতীয় সংকটকে আরও ঘনীভূত করবে।
স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় রূপ না দেওয়ার জন্য এবং সন্ত্রাস বা সহিংসতায় ইন্ধন জোগায় এমন কোনো আচরণ বা বক্তব্য না দেওয়ার জন্য বক্তারা রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান। ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নাগরিকেরা ভোট দেবেন, এ আশাবাদ বক্তাদের।